দীর্ঘ এক যুগ পর শাহপরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন যুবলীগের সম্মেলনের তারিখ ঘোষনায় চাঙ্গা নেতা-কর্মীরা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ টুডে ডটকম |

দীর্ঘ এক যুগ পর টেকনাফ উপজেলা যুবলীগের আওতাধীন শাহপরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ আগামী ১৭ ফেব্রুয়ারী নির্ধারণ করা হয়েছে। এতে দলীয় নেতা কমীদের মাঝে চাঙ্গাভাব দেখা দিয়েছে।

গত ৮ জানুয়ারী টেকনাফ উপজেলা যুবলীগের জরুরী সভা শাপলাচত্বর সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর।

এতে মেয়াদোত্তীর্ণ টেকনাফ পৌর শাখা, বাহারছড়া, সাবরাং, সেন্টমার্টিন ও শাহপরীর দ্বীপ (সাংগঠনিক) ইউনিয়ন শাখা সমূহের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।

দীর্ঘদিন পর শাহ পরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়নের সম্মেলনের তারিখ নির্ধারণ করায় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সম্মেলনের তারিখ ঘোষণার পরই শীর্ষ দুই পদের জন্য অনেকে নড়েচড়ে বসেন। এবার কমিটির শীর্ষ দুই পদ প্রত্যাশীর অনেকেই সাবেক ছাত্রলীগ নেতা বলে জানা গেছে।

ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জাহেদ উল্লাহ জিকু জানান, তৎকালীন উপজেলা যুবলীগের সভাপতি মরহুম একরামুল হক কমিশনার ও সাধারণ সম্পাদক নুর হোসেন নবম জাতীয় সংসদ নির্বাচনের পরপরই রেজাউল করিম রেজুকে আহবায়ক করে একটি কমিটি দেন। তার কয়েকমাস পর রেজাউল করিম রেজুকে সভাপতি এবং মোহাম্মদ আমিনকে সাধারণ সম্পাদক করে সাংগঠনিক ইউনিয়ন কমিটি ঘোষণা করেন। পরবর্তীতে ২০১৫ সালে টেকনাফ উপজেলা যুবলীগের নতুন কমিটি গঠন হলেও উক্ত কমিটি অদ্যবধি বহাল রয়েছেন। তিনি বলেন,তরুণ নেতৃত্ব সৃষ্টি করার লক্ষ্যে এবং স্থবির হয়ে যাওয়া সাংগঠনিক কার্যক্রম চাঙ্গা করতে অবশ্যই বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি দেওয়া জরুরী।

আগামীতে মাদক সংশ্লিষ্ট, হাইব্রিড ও বিতর্কিতদের বাদ দিয়ে ত্যাগী-যোগ্য ও স্বচ্ছ ভাবমূর্তিসম্পন্ন নেতৃত্বই প্রাধান্য পাবে বলে আশা করছেন স্থানীয় নেতা কর্মীরা।

  • টেকনাফ
  • যুবলীগ
  • শাহপরীর দ্বীপ যুবলীগ
  • শাহপরীরদ্বীপ