সামী জাবেদ : সামাজিক যোগাযোগ মাধ্যমে উখিয়া উপজেলার একটি ছিন্নমূল অসহায় পরিবারকে সহায়তায় এগিয়ে আসার আহবানে সাড়া দিয়ে টেকনাফ মডেল থানার একদল পুলিশ শিশু খাদ্য, ভোগ্যপণ্য ও কাপড়-ছোপড় নিয়ে মানবিক সহায়তায় এগিয়ে এসেছে।
১লা এপ্রিল বিকাল ৪টারদিকে উখিয়া উপজেলার মনখালী আর্মি চেকপোস্ট সংলগ্ন মেরিন ড্রাইভের পাশে পলিথিনে মোড়ানো ছিন্ন ঘরে অবস্থানকারী হাসান শরীফের বাড়ি গিয়ে টেকনাফ মডেল থানার কনস্টেবল শরীফ পরিবারের ৪জন ছেলে-মেয়েসহ পুরো পরিবারের জন্য পর্যাপ্ত পরিমাণ কাপড়, তাদের জন্য বেবী ফুডস ও পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রবাদি নিয়ে হাজির হন। এই ধরনের পরিবেশে মানুষের বসবাস দেখে তিনি হতবাক হয়ে পড়েন। তখন চরম অভাব অনটনে থাকা হাসান শরীফ দম্পতি খুশিতে চোখের জল ফেলেন। পুলিশ কাপড় নিয়ে এসেছে জানতে পেরে শিশুরা ঈদের খুশির মতো গোসল করে পুলিশের নিকট এলে এই মানবিক পুলিশ শরীফুল নিজ হাতে এই শিশুদের নিজ হাতে কাপড় পরিধান করিয়ে বুকে টেনে নেন। এসময় বাজার খাওয়ার জন্য কিছু নগদ টাকাও প্রদান করেন শরীফুল। এই চরম দুঃসময়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে আসায় পুলিশের প্রতি চরম কৃতজ্ঞতা প্রকাশ করেন হাসান শরীফ দম্পতি।
উল্লেখ্য, গত ৩১ মার্চ ইনানী এলাকার সংবাদ কর্মী জাহাঙ্গীরের ফেইসবুক টাইম লাইনে ‘‘ গ্রামের এক অসহায় পরিবারের দৃশ্য দেখে অবাক হলাম আমি ’’ শীর্ষক ভাইরাল হওয়ার পর কনস্টেবল শরীফুল ইসলামের দৃষ্টিগোচর হয়। তখন তিনি টেকনাফ মডেল থানার এএসআই রাম ধন, কনস্টেবল সাগর দেব ও আবু শাহাদাতের সমন্বয়ে এই মহতি উদ্যোগ নেন।
এক প্রতিক্রিয়ায় কনস্টেবল শরীফুল বলেন, ফেইস বুক পোস্টটি পড়ে ঠিকানা সংগ্রহ করে না এলেই জানতে পারতাম না খেটে খাওয়া মানুষ কতই কষ্টে আছে। মহান আল্লাহর সন্তুষ্টির আশায় আমরা টেকনাফ মডেল থানার পুলিশ সহায়তার এই ক্ষুদ্র প্রয়াস চালিয়েছি। আশাকরি সমাজের বিত্তবানেরা এই ধরনের ছিন্নমূল মানুষের সহায়তায় এগিয়ে আসবেন। ###
