বার্তা পরিবেশক : উখিয়ায় জামাতার ক্ষমতার প্রভাবকে কাজে লাগিয়ে অন্যের জমি দখলে নিতে মারধর, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে একটি গংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গত ১৭ এপ্রিল উখিয়া থানায় একটি সাধারণ ডায়রী করেছেন। যার জিডি নং-৯১০।
জিডিতে উল্লেখ করা হয়েছে, বিধবা শারমিন আক্তার সুমির নিজের ভোগদখীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে একই এলাকার লায়লা বেগমসহ আরও ৪/৫জন। এ ঘটনার জেরে ভুক্তভোগী সুমির ছেলে মেয়েদের নানা ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনসহ মারধরও করা হয় বলে জিডিতে লিপিবদ্ধ করা হয়।
ভুক্তভোগী সুমি জানান, লায়লা বেগমের জামাতা বিএনপি নেতা ও ইউপি সদস্য মনজুর আলম মরিচ্যা এলাকায় প্রভাবশালী ও ক্ষমতাবান হওয়ায় তাকে হাতে নিয়ে আমার সম্পত্তি জোরপূর্বক দখলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে পাঁয়তারা করছে। প্রায় সময় অশালীন ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এমনকি মারার জন্য একাধিকবার ধাওয়া করেছিল তারা। পরবর্তীতে আমি ঘরে গিয়ে দরজা বন্ধ করে আশ্রয় নিয়েছি।
তিনি আরও জানান, লায়লা বেগমের স্বামী আ’লীগ করতো, তখন তার ক্ষমতার প্রভাব চলতো, কিন্তু পট পরিবর্তনের পর থেকে এলাকায় মনজুর মেম্বার একচ্ছত্র ক্ষমতা দেখাচ্ছে। যার কারণে তারই সুযোগ নিয়ে তার শাশুড়িসহ আমার পরিবারের উপর অত্যাচার শুরু করে দিয়েছে তারা। যখন যে ক্ষমতায় আসে, সে দলের নেতাদের হাতে নিয়ে আমাদের জমি দখলে নেওয়ার চেষ্টা করেন। এতে আমরা যেমন ক্ষতিগ্রস্ত হই, বর্তমানে আমি জমি দখল চেষ্টা ও প্রাণনাশের হুমকির ঘটনায় প্রশাসনের কাছে সুস্থ বিচার দাবি করছি।
এই বিষয়ে মঞ্জুর আলম মেম্বার জানান, আমি একজন জনপ্রতিনিধি। কারো প্রতি অন্যায় করতে পারিনা। জমি জবর-দখল চেষ্টার অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন। অভিযুক্ত মহিলা এলাকায় তার অপরাধ গোপন করার জন্য এই ধরনের ঘটনার আশ্রয় নিয়েছে।
এবিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ জানান, প্রাননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় ভুক্তভোগী একটি জিডি করেছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।###
