টেকনাফ টুডে ডেস্ক : টানা জয়ের রেকর্ডে চেলসি ও আর্সেনালের পাশে নাম লেখালো ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে এবার দুর্বার গতিতে এগিয়ে চলেছে পেপ গার্দিওয়ালার দল। অন্যদের থেকে বেশ ব্যবধান রেখে। রোববার রাতে নিজেদের মাঠে ওয়েস্ট হামকে ২-১ গোলে হারায় ম্যানসিটি। তাতে প্রিমিয়ার লিগে টানা ১৩ ম্যাচে জয় পেল দলটি। টানা ১৩ ম্যাচে জয়ের রেকর্ড আছে চেলসি এবং আর্সেনালেরও। পরের ম্যাচে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাতে পারলে টানা জয়ের রেকর্ড শুধুই নিজেদের করে নেবে সিটি। ইতিহাদে অনুষ্ঠিত ম্যাচে এদিন অবশ্য গার্দিওয়াল দলকে প্রথমে ঠিক ছন্দে দেখা যায়নি। বরং পয়েন্ট টেবিলে ১৯তম স্থানে থাকা ওয়েস্ট হাম ম্যানসিটির বড় পরীক্ষাই নিয়েছে। প্রথমার্ধ খেলেছে তারা প্রাধান্য বিস্তার করে। যার ফল ৪৪ মিনিটে এগিয়ে যাওয়া। লানজিনির ক্রস থেকে হেড করে ওয়েস্ট হামকে এগিয়ে দেন এঞ্জেল অগবোন্না।
১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ম্যানচেস্টার সিটি। বিরতি থেকে ফিরে চেনা ছন্দে ফেরে তারা। ফল ৫৭ মিনিটে গোল পরিশোধ। গ্যাব্রিয়েল জেসুসের পাস থেকে ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি গোল করে দলকে সমতা এনে দেন। আক্রমণের ধার বাড়িয়ে ৮৩ মিনিটে লিড নেয় সিটি। ডেভিড সিলভা গোলটি করেন। সেই লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।
লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি গত মৌসুমে টানা ১৩ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল। ২০০১-০২ মৌসুমে আর্সেনাল প্রথমবার সেই রেকর্ড গড়ে। ম্যানচেস্টার সিটি টানা ১৪ ম্যাচ জিতে রেকর্ডটি নতুন করে লেখাতে পারে কিনা সেটিই এখন দেখার। ১৫ ম্যাচে ১৪ জয় ও ১ ড্র তে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৩৫। ১৯তম স্থানে থাকা ওয়েস্ট হামের পয়েন্ট সাকুল্যে ১০।
