টেকনাফ টুডে ডেস্ক:বেসরকারি টেলিভিশন আরটিভিতে পূজার প্রচারিত হবে বিশেষ নাটক ‘সমাপ্ত গল্পের অসমাপ্ত অধ্যায়’। ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ৮টা ১০ মিনিটে অলিম্পিক নাটি বিস্কুট নিবেদিত এ নাটকটি প্রচারিত হবে।
নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরফান নিশো, শবনম ফারিয়া, রহমত আলী, অনুপমা চক্রবর্তী, এমদাদ হোসেন শপত, নওরীন আহমেদ, ইলমা চৌধুরী, আনজুসহ আরও অনেকে। প্রবীর রায় চৌধুরীর গল্প ও পরিচালনায় চিত্রগ্রহণ করেছেন কামরুল ইসলাম শুভ।
নাটকে নিলার জন্মদিনে বিয়ের প্রস্তাব দেয় রুপম। আর সেখান থেকেই গল্পের শুরু। উভয়ের বাবা পূর্ব পরিচিত হওয়ায় এই বিয়ের ক্ষেত্রে তাদের কোনো আপত্তি থাকে না। তবে, এমন সময় রুপম ও নিলার মাঝে আগমন ঘটে সুপ্রিয়ার।
নিলার কাছে নিজেকে রুপমের প্রেমিকা বলে পরিচয় দেয় সুপ্রিয়া। তার সঙ্গে রুপম এখনও সম্পর্ক ছিন্ন করেনি বলেও দাবি করেন। রুপম পুরো বিষয়টা অস্বীকার করেন। তবে কে এই সুপ্রিয়া? বিষয়টি নিয়েই গল্পের মূল কাহিনী।
নাটকের বিষয়ে প্রবীর রায় চৌধুরী জানান, ‘সমাপ্ত গল্পের অসমাপ্ত অধ্যায়’ নাটকটি সম্পূর্ণ রোমান্টিক সাসপেন্স ধারার। আশাকরি এর গল্প শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের ধরে রাখবে। এ ছাড়া নাটকে পিরান খানের সুরে তানভীর ইভানের একটি গান রয়েছে। গানটিও দর্শকপ্রিয়তা পাবে বরে আশা করি।
নাটকটির প্রমো টিভি এবং ইউটিউবে ছাড়া হয়েছে, যা ইতোমধ্যে বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। -বিজ্ঞপ্তি
সুত্র:জাগো নিউজ ২৪.কম
