নিজস্ব প্রতিবেদক,চকরিয়া : কক্সবাজার জেলা আওয়ামীলীগের উপদেষ্টা, বৃহত্তর চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব কামাল হোছাইনের নামাজে জানাজা আগামী ১২ এপ্রিল শুক্রবার সকাল ১১ টায় ডুলাহাজারা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ১১ এপ্রিল সকাল ৮ টায় মরহুম কামাল হোসেনের মরদেহ আমেরিকার বোস্টন থেকে ঢাকা হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল করিম। ঢাকায় অবতরণের পর সেখান থেকে ইউএস বাংলার ফ্লাইট যোগে কামাল চেয়ারম্যানের মরদেহ কক্সবাজার বিমানবন্দরে আনা হবে। এরপর কক্সবাজার বিমানবন্দর থেকে এ্যাম্বুলেন্স যোগে নিয়ে মরদেহ নিয়ে আসা হবে মরহুম কামাল হোছাইনের গ্রামের বাড়ি চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ের উলুবনিয়া।
আদর্শিক রাজনীতির প্রতীক বর্ষীয়ান জননেতা কামাল হোসাইন চেয়ারম্যান গত ৭ এপ্রিল রোববার বাংলাদেশ সময় সকাল ৯ টার দিকে আমেরিকার বোস্টন শহরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া গ্রামের বাসিন্দা প্রাক্তন চেয়ারম্যান মরহুম মফজল আহামদ সওদাগরের ছেলে। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে ২ ভাই, স্ত্রী, অনেক অনুসারী ও গুনগ্রাহী রেখে যান।
