কক্সবাজার প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে
বৈদ্যুতিক শকে হাতি হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর হাতিটিকে মাটি চাপা দেয় দূর্বৃত্তরা।
জানা যায়, গত রবিবার (২৮ নভেম্বর) বাঁশখালী উপজেলার কালীপুর রেঞ্জের লটমনি মৌজায় একটি প্রাপ্ত বয়স্ক পুরুষ হাতিকে বিদ্যুতায়িত করে হত্যা করা হয়। হাতি হত্যার ঘটনা আড়াল করতে দূর্বৃত্তরা হাতিটিকে মাটি চাপা দেয়।
খবর পেয়ে তিনদিন পর বুধবার বন বিভাগ হাতির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পুনরায় মাটি চাপা দেয়।
ময়নাতদন্ত সম্পন্ন করেন ডুলাহাজরা সাফারী পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, রামু উপজেলার প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শাহজাদা মোহাম্মদ জুলকারনাইন শাওন, বাঁশখালী উপজেলার প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শুভ দাশ ও ডা. মো: তানজীর হোসেন চৌধুরীর সমন্বয়ে একটি প্রাণী বিশেষজ্ঞ দল।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাঁশখালী উপজেলার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া।
রামু উপজেলার প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শাহজাদা মোহাম্মদ জুলকারনাইন শাওন জানান, হাতিটির বয়স আনুমানিক বয়স ২০-২২ বছর। ময়নাতদন্তে প্রাথমিক ভাবে বৈদ্যুতিক শকের হাতিটির মৃত্যুর আলামত পাওয়া গেছে।
উল্লেখ্য এর আগে গত এক মাসে কক্সবাজারে বৈদ্যুতিক শকে ৩টি হাতি হত্যাসহ সারাদেশে ৭টি বন্য হাতি হত্যা করা হয়েছে।
