:
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) আইটি প্রধান আশফাকুর রহমান অয়ন ওরফে আরিফ ওরফে অনিককে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।
সোমবার রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় একথা জানানো হয়।
খুদে বার্তায় বলা হয়, গ্রেফতার আশফাকুর নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) তথ্যপ্রযুক্তি (আইটি) শাখার প্রধান।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ভাটারা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
পরে দুপুর ১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, আশফাক এবিটির সামরিক শাখার প্রধান পলাতক মেজর (চাকরিচ্যুত) সৈয়দ মো. জিয়াউল হকের সহযোগী।
তার কাছ থেকে ল্যাপটপ, মোবাইল সেট, আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের জিহাদি প্রবন্ধ, আল-কায়েদা আরব উপদ্বীপের নেতা ইয়েমেনের আনোয়ার আল আওলাকির বক্তব্য ও ব্লগার হত্যার প্রশিক্ষণের বিভিন্ন নথি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, আশফাকের সঙ্গে মেজর জিয়াউল হকের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। দুই মাস আগেও তাদের মধ্যে যোগাযোগ হয়েছিল।
প্রসঙ্গত, সন্ত্রাসবিরোধী আইনে ২০১৫ সালের মে মাসে আনসারুল্লাহ বাংলা টিমকে (এবিটি) নিষিদ্ধ করে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশের দাখিল করা প্রতিবেদনে বলা হয়, এবিটি আল-কায়েদার মতাদর্শ অনুসরণ করে। সংগঠনটির হামলার মূল লক্ষ্য মুক্তচিন্তার অনুসারী, ব্লগার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
