ফাইল ছবি
টেকনাফ টুডে ডেস্ক |
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গুলশানের বাসা থেকে তিনি সোমবার বেলা ১১টা ১২ মিনিটের দিকে পুরান ঢাকার বকশিবাজার আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩ এর অস্থায়ী আদালতে পৌঁছান। এরপর ১১টা ২৪ মিনিটের দিকে আদালতের কার্যক্রম শুরু হয়।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া যুগান্তরকে এ তথ্য দিয়েছেন।
খালেদা জিয়ার হাজিরা ঘিরে আদালত ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
মামলা চলাকালে আদালতেই অসুস্থ হলেন আব্দুস সালাম
বকসী বাজারে স্থাপিত অস্থায়ী আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা চলাকালে অসুস্থ হয়ে পড়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম। আদালত থেকেই তাকে নেয়া হয় হাসপাতালে।
অস্থায়ী আদালত থেকে দৈনিক যুগান্তরের প্রতিবেদক হাসিব বিন শহীদ জানান, দুপুর ১২টা ৮ মিনিটে আব্দুস সালাম পানি খেতে চান। পানি দেয়া হলে খাওয়ার জন্য হাত উঁচু করার চেষ্টা করেও তিন খেতে পারেননি।
এরপর আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়েন এই নেতা। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়।
এদিন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩ এর অস্থায়ী আদালতে হাজির হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এসময় তার সঙ্গে ছিলেন উপদেষ্টা আব্দুস সালাম।
