টেকনাফ টুডে ডেস্ক : আজ মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের বাজেট পাস হবে; যা ১ জুলাই (বুধবার) থেকে কার্যকর হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ বেলা ১১ টায় একাদশ জাতীয় সংসদের অষ্টম (বাজেট) অধিবেশনের মুলতবি বৈঠক আবার শুরু হবে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত ১১ জুন ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব সংসদে উপস্থাপন করেন। এদিকে গতকাল (২৯ জুন) কিছু সংশোধনীসহ অর্থবিল পাস হয়।বিলে কালো টাকা বা অপ্রদর্শিত আয়ের টাকা পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে শর্ত শিথিল করা হয়েছে। তবে মোবাইল সেবার ওপর সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব প্রত্যাহারের যে দাবি ছিল, তা আমলে নেয়া হয়নি। বাজেটে পুঁজিবাজারে অর্থের প্রবাহ বাড়াতে ১০ শতাংশ কর দিয়ে ‘কালো টাকা সাদা’ করার সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন অর্থমন্ত্রী। তবে শর্ত ছিল, সেই টাকা ৩ বছরে পুঁজিবাজার থেকে বের করা যাবে না। সংশোধনে ৩ বছরের জায়গায় ১ বছর করা হয়েছে।
অর্থবিল পাসের আগে বাজেটের ওপর নিজের সমাপনী বক্তব্য দেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল। তার আগে বাজেট আলোচনায় অংশ নেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কোনো পরিবর্তন আনতে অর্থমন্ত্রীকে অনুরোধ করেননি তিনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাজেট বাস্তবায়ন কঠিন কিছু নয়। অতীতের সব বাজেটই বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ সরকার। এবারের বাজেটও সরকার বাস্তবায়নে সক্ষম হবে।
সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারীর কারণে যারা কাজ হারিয়েছেন, প্রান্তিক জনগোষ্ঠীসহ কৃষক, শ্রমিক, মজুর, কামার, কুমার, জেলে, তাঁতী, বেদে, স্বাস্থ্যকর্মী, ভ্যান চালক, রিকশাওয়ালাসহ সকল পেশার মানুষ, পান দোকানি, চা দোকানি, মুদি দোকানি থেকে শুরু করে ক্ষুদ্র, কুটির ও ছোট-বড় সকল ব্যবসায়ী, সকল শ্রেণী ও নৃ-গোষ্ঠীর মানুষ, যারা কষ্টে আছেন তাদের সবার জন্য এবারের বাজেট।
তিনি বলেন, কোভিড-১৯ এর কারণে সারা বিশ্ব একটি ক্রান্তিকাল পার করছে। আমরাও এর থেকে পরিত্রাণ পাইনি। পৃথিবীর অর্থনৈতিক এলাকায় সময়টি একটি অস্বাভাবিক সময়। স্বাভাবিক সময় হলে মাননীয় সদস্যদের প্রস্তাব সমূহের অনেক কিছু বিবেচনা করতে পারতাম।
