টেকনাফ টুডে ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আজ সোমবার বিকাল ৪টা থেকে শুরু হবে। চলবে আগামী ২৭ আগস্ট রাত ১২টা পর্যন্ত।
শিক্ষার্থীরা এই সময়ের মধ্যে নির্দিষ্ট ফি পরিশোধ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই অনলাইন ভর্তি প্রক্রিয়া উদ্বোধন করেন। এ সময় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, বিভিন্ন অনুষদের ডিন এবং বিশ^বিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ক ইউনিটের ভর্তি পরীক্ষা ২০ সেপ্টেম্বর শুক্রবার, খ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর শনিবার, গ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর শুক্রবার, ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ সেপ্টেম্বর শুক্রবার, চ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) ১৪ সেপ্টেম্বর শনিবার এবং চ ইউনিটের ভর্তি পরীক্ষা (অঙ্কন) ২৮ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।
