আজ প্রখ্যাত কবি, ঔপন্যাসিক, গল্পকার ও ভাষাবিজ্ঞানী হুমায়ুন আজাদের জন্মদিন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : প্রখ্যাত কবি, ঔপন্যাসিক, গল্পকার ও ভাষাবিজ্ঞানী হুমায়ুন আজাদ ১৯৪৭ সালের ২৮ এপ্রিল বিক্রমপুরের রাড়িখাল গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা আবদুর রাশেদ ছিলেন স্কুলশিক্ষক, মা জোবেদা খাতুন গৃহিণী। তিনি রাড়িখালের স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক, ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অনার্সসহ স্নাতক ও স্নাতকোত্তর (১৯৬৮) ডিগ্রি নেন। তিনি এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন। চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পর ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে যোগ দেন এবং ১৯৮৬ সালে অধ্যাপক হন। হুমায়ুন আজাদের কাব্যগ্রন্থের মধ্যে ‘অলৌকিক ইস্টিমার’, ‘জ্বলো চিতাবাঘ’, ‘যতোই গভীরে যাই মধু যতোই ওপরে যাই নীল’, ‘আমি বেঁচেছিলাম অন্যদের সময়ে, ‘কাব্যসংগ্রহ’ ও ‘কাফনে মোড়া অশ্রুবিন্দু’ উল্লেখযোগ্য। সাহিত্যে অবদানের জন্য ১৯৮৬ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। লেখক হিসেবে ব্যাপক জনপ্রিয়তার পাশাপাশি তুমুলভাবে বিতর্কিতও হন তিনি। তার ‘নারী’, ‘দ্বিতীয় লিঙ্গ’ ও ‘পাক সার জমিন সাদ বাদ’ গ্রন্থ তিনটি বিতর্কিত হওয়ার পর সরকার ‘বাজেয়াপ্ত ঘোষণা করে’। ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি বইমেলা প্রাঙ্গণে হুমায়ুন আজাদ প্রাণঘাতী হামলার শিকার হন। থাইল্যান্ডে চিকিৎসার পর তিনি ‘পিইএন’-এর ফেলোশিপে জার্মানিতে পাড়ি জমান। জার্মানির মিউনিখ শহরে ২০০৪ সালের ১২ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।