টেকনাফ টুডে ডেস্ক : তারুণ্যনির্ভর দল নিয়েই শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নামছে নতুন চেহারার এক বাংলাদেশ। হারারেতে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি২০। সরাসরি সম্প্রচার করা হবে টি স্পোর্টস চ্যানেলে।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি২০ সিরিজের আগে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সোহান। যেখানে সেই ‘বাংলাদেশি ব্র্যান্ড’–এর ক্রিকেট খেলার বার্তা দিয়ে অধিনায়ক জানান, ‘আমরা বাংলাদেশি, নিজেদের ব্র্যান্ডের একটা ক্রিকেট খেলতে চাই। অনেক দল হয়তো পাওয়ার হিটিং খুব ভালো করে। কিন্তু আমার কাছে মনে হয় আমরা যদি স্মার্ট ও সেন্সেবল থাকি। ওভার বাউন্ডারি না হলেও বাউন্ডারি মারতে পারবো। এটা আমাদের নিজেদের একটা সুযোগ বা চাওয়া যেন আমরা নিজেদের ব্র্যান্ডের ক্রিকেটটা খেলতে পারি।’
