টেকনাফ টুডে ডেস্ক : রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ফ্রান্স।
ক্যারিয়ারের শেষ বিশ্বকাপের ফাইনালে বেশ কিছু রেকর্ড গড়তে যাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ২০০৬ সালে বিশ্বকাপে অভিষেক হওয়ার পর থেকে মেসি এখন পর্যন্ত ২৫ ম্যাচ খেলেছেন। আজ ফ্রান্সের বিপক্ষে ফাইনালে মাঠে নামলেই বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির গড়বেন মেসি।
এ ছাড়া কাতার বিশ্বকাপে গোল্ডেন বল জেতার অন্যতম দাবিদার লিওনেল মেসি। রোববার সেরা পারফরম্যান্স করে গোল্ডেন বল জিতলে রেকর্ড গড়বেন তিনি। এর আগে ২০১৪ সালের বিশ্বকাপে গোল্ডেন বল জিতেছিলেন মেসি। বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে কোনো ফুটবলারের দুবার গোল্ডেন বল জেতার নজির নেই।

অন্যদিকে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে আর্জেন্টিনার বিদায়ের পর ফরাসি দৈনিক লেকিপের শিরোনাম ছিল— ‘বিশ্বসেরার ব্যাটন এমবাপ্পের হাতে তুলে দিলেন মেসি।’
সেই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে করেছিলেন জোড়া গোল। টিনএজার (১৯ বছর বয়স) এমবাপ্পে সেবার তারুণ্যের ঝলকে বিশ্বকাপ ট্রফি এনে দেন ফ্রান্সকে।
তবে ব্যক্তিগত জীবনে অনেকটাই নিশ্চিন্ত মেসি। তিন সন্তান রয়েছে। ফুটবলের বাইরে পরিবারের সঙ্গে সময় কাটাতেই ভালোবাসেন তিনি। ছোটবেলার বান্ধবীকেই বিয়ে করেছেন। তার সঙ্গে আর কারও নাম কখনো শোনাই যায়নি প্রায়। ২০০৮ সাল থেকে সম্পর্কে রয়েছেন তারা। বিয়ে করেছেন ২০১৭ সালে। একসঙ্গে বড় করছেন তিন সন্তানকে।
আর এমবাপ্পে অবিবাহিত। প্রেমিকা রয়েছে কিনা তা স্পষ্ট নয়। একাধিক জনের সঙ্গে নাম জড়ালেও এখনো জানা যায়নি আদৌ কারও সঙ্গে তার সম্পর্ক রয়েছে কিনা। যাদের সঙ্গে তার নাম জড়ানো হয়েছে, তাদের কেউ রূপান্তরকামী মডেল, কেউ আবার নেদারল্যান্ডসের ফুটবলারের সাবেক স্ত্রী। এদের মধ্যে কেউ সত্যিই তার প্রেমিকা কিনা সেটি স্পষ্ট করে কোথাও স্বীকার করেননি তারকা ফুটবলার।
এ ছাড়া ২৪ ছুঁই ছুঁই এমবাপ্পে আজও পাননি বিশ্বসেরার আনুষ্ঠানিক স্বীকৃতি। তবে গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন এমবাপ্পেও।
শ্রেষ্ঠত্বের লড়াইয়ের মীমাংসার জন্যই হয়তো ফুটবল বিধাতা এবার সবচেয়ে বড় মঞ্চে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন দুই প্রজন্মের দুই বিশ্বসেরাকে।
তবে সম্পর্ক, ভালোবাসার লড়াইয়ে মেসি জিতে গেছেন। তার ভালোবাসার মানুষকে বিয়ে করেছেন। সংসার করছেন। তরুণ এমবাপ্পে এখনো সে পথে যাননি। তিনি হয়তো ভালোবাসার মানুষ খুঁজছেন। পেয়ে গিয়ে থাকলে তাকে এখনো সামনে আনেননি। দুই তারকা রয়েছেন দুই মেরুতে।
দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে আজ রাত ৯টায় কাতার বিশ্বকাপের স্বপ্নের ফাইনালে এমবাপ্পের ফ্রান্সের মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা। লড়াইটা ইউরোপ বনাম লাতিন আমেরিকারও। সেই লড়াই দেখার অপেক্ষায় ফুটবলবিশ্ব।
