আগাম ভোটে হিলারির জয়জয়কার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago

৭৩ লাখ মার্কিনির ভোট: একটি রাজ্যে এগিয়ে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোটে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন। এর মধ্যে আরিজোনাসহ অন্যান্য ‘ব্যাটলগ্রাউন্ডে’ রাজ্যে ভালো অবস্থানে আছেন তিনি।

অন্যদিকে ডেমোক্রেটিক প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মাত্র একটি রাজ্যে এগিয়ে রয়েছেন। এ পর্যন্ত ৭৩ লাখ ভোটার আগাম ভোট দিয়েছেন। আগাম ভোটের সর্বশেষ পরিসংখ্যানের ভিত্তিতে এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে সিএনএন।

নির্বাচনের মাত্র ১০ দিন বাকি থাকতে আগাম ভোটের পরিসংখ্যানে দেখা যায়, ব্যাটলগ্রাউন্ড নামে পরিচিত নর্থ ক্যারোলিনা, নেভাদা ও আরিজোনা রাজ্যে ২০১২ সালের তুলনায় ভালো অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক দল। গতবারের অবস্থান বদলে এসব রাজ্যে আরও বেশি ভোটের ব্যবধানে নিজেদের অবস্থান সুসংহত করতে পেরেছে দলটি।

অন্যদিকে রিপাবলিকানরা ২০১২ সালের তুলনায় কেবল আইওয়া রাজ্যে নিজেদের অবস্থার উন্নতি করতে পেরেছে। এ রাজ্যে গতবার খুব সহজেই জয় পেয়েছিলেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট বারাক ওবামা। বিভিন্ন জনমত জরিপেও সেখানে ট্রাম্পের পিছিয়ে থাকার কথা বলা হয়েছিল। কিন্তু আগাম ভোট যা পড়েছে তাতে এগিয়ে রয়েছেন ট্রাম্প। ফ্লোরিডায় ঐতিহ্যগতভাবে রিপাবলিকানরা সুবিধাজনক অবস্থানে থাকলেও আগাম ভোটে দেখা যাচ্ছে ডেমোক্রেটিকরা এগিয়ে রয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ব্যাটলগ্রাউন্ড রাজ্য নামে পরিচিত ১২টি অঙ্গরাজ্য। এসব রাজ্যে ৪৬ লাখের বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন। প্রাপ্ত ডাটা বিশ্লেষণ করে সিএনএন জানিয়েছে, আরিজোনায় রিপাবলিকান ভোটারদের তুলনায় ডেমোক্রেটিকরা বেশি আগাম ভোট দিয়েছেন। ডেমোক্রেটিকরা এখানে ৪১১৬ ভোটে এগিয়ে রয়েছে। ২০১২ সালে এ রাজ্যে দুই-তৃতীয়াংশ ভোটার আগাম ভোট দিয়েছিলেন।

কলোরাডো রাজ্যে ২০১২ সালের এ সময়ে ৭৬০০ আগাম ভোটে এগিয়ে ছিল রিপাবলিকান দল। কিন্তু এবার ১০ হাজার ভোটে এগিয়ে রয়েছে ডেমোক্রেটিক পার্টি। এটাকে হিলারি ক্লিনটনের জন্য অত্যন্ত ভালো খবর বলে বিবেচনা করা হচ্ছে।

জর্জিয়াতে ৪০ শতাংশ বা ৫ লাখ ৮৩ হাজার ভোটার আগাম ভোট দিয়েছেন। তবে এখানকার ভোটাররা কোনো দলে নিবন্ধিত নন। নেভাদায় ১৫ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে ডেমোক্রেটিক দল যা ২০১২ সালের তুলনায় সামান্য অগ্রগতি। নর্থ ক্যারোলিনায় ট্রাম্পের চেয়ে ১ লাখ ভোট বেশি পেয়েছেন হিলারি। ২০১২ সালেও এখানে বারাক ওবামা এগিয়ে ছিলেন।