টেকনাফ টুডে ডেস্ক : স্বামী সাইয়াদ আনাসের সঙ্গে প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করলেন প্রাক্তন বলিউড অভিনেত্রী সানা খান। বিবাহবার্ষিকীর দিন স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে লিখেছেন, ‘অপেক্ষার মূল্য’।
ছবিতে স্বামী সাইয়াদ আনাসের সঙ্গে সানা খান সাদা সোফায় পাশাপাশি বসে রয়েছেন। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমি আপনার দ্বীন ও আখিরাহ এবং এর মধ্যবর্তী সবকিছুর জন্য প্রার্থনা করি, যেমন আমি আমার জন্য প্রার্থনা করি। ঠিক যেমন আমি নিজের জন্য প্রার্থনা করি, তেমনি আপনার জন্যও প্রার্থনা করছি। কারণ আমি নিজের জন্য যা চাই, আপনার জন্যও তাই চাই’।
অভিনেত্রী আরও লিখেছেন, ‘আপনি আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যান, পাপের কাছে নয়, আপনি অপেক্ষার যোগ্য ছিলেন। প্রথম বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা। পেছনের ছবিটাকে শীঘ্রই আমাদের জন্য বাস্তব করে তুলতে চাই, আর অপেক্ষা করতে পারছি না। ইনশাআল্লাহ’।
গত বছর অক্টোবর মাসে সকলকে চমকে দিয়ে অভিনয়কে বিদায় জানিয়েছিলেন প্রাক্তন বলিউড অভিনেত্রী সানা খান। সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, বিনোদন জগত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। কারণ তিনি ইসলামের কাছে সমর্পন করতে চান নিজেকে।
এরপরই এক মাসের মধ্যে গুজরাটের হীরা ব্যবসায়ী মুফতি আনসের সঙ্গে নিকাহ সারেন তিনি। গত ২০ নভেম্বর আনাস সাইয়াদের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সালমান খানের এককালের সহ অভিনেত্রী। বিয়ের পরেই নিজের নামে বদল এনে রাখেন সাইয়াদ সানা খান।
