অবশেষে উদ্ধার হলো রইক্ষং-পুতিবনিয়া ক্যাম্পের দুই রোহিঙ্গা মাঝি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

কক্সবাজার প্রতিনিধি।
টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণ হওয়া ৫ রোহিঙ্গা মাঝিই অবশেষে অক্ষত অবস্থায় উদ্ধার হলো।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পুতিবনিয়া ক্যাম্পের হেড মাঝি রফিক ও আমান উল্লাহকে বালুখালী এলাকায় ছেড়ে দেয় সন্ত্রাসীরা। পরে এপিবিএন সদস্যরা তাদেরকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে।

১৬ এপিবিএন অধিনায়ক তারিকুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, আইন শৃংখলা বাহিনীর উদ্ধার অভিযানের ফলে তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়।

এর আগে বৃহস্পতিবার বিকালে হাকিম পাড়া ক্যাম্প থেকে উদ্ধার করা হয়েছিল ৩জনকে। ফলে অপহৃত ৫ মাঝি অক্ষত অবস্থায় উদ্ধার হলো।

বুধবার দুপুরে ক্যাম্প ২১ চাকমারকুল থেকে একটি সভা শেষে ফেরার পথে তারা নিখোঁজ হন তারা। রাতে ক্যাম্পে না ফেরায় খুঁজাখুঁজির পর স্বজনরা নিশ্চিত হন তাদেরকে অপহরণ করা হয়েছে।
২২নং রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি রাশেদুল হাসান জানিয়েছিলেন, সভাটি ছিল ক্যাম্প ২২ এর আইন শৃংখলা সংক্রান্ত বিষয়ে। কিন্তু সেখানে সড়কের কাজ চলায় তাদেরকে ক্যাম্প ২১ এ এনে সভা করা হয়েছিল। সভা শেষে ফেরার পথে উক্ত হেড মাঝিরা নিখোঁজ হন।