ধর্ষণের বিচারে ট্রাইব্যুনাল গঠন করুন-জিএম কাদের

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রেখে ধর্ষণ মামলার বিদ্যমান আইন সংশোধন করতে হবে।

মঙ্গলবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এ দাবি জানিয়ে তিনি বলেন, নারী ধর্ষণ মামলার বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। জিএম কাদের বলেন, তিন মাসের মধ্যে বিচার সম্পন্ন করে দ্রুততার সঙ্গে রায় কার্যকর করলে ধর্ষণ নামক সামাজিক ব্যাধি থেকে জাতি মুক্তি পাবে। এ জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

বিবৃতিতে জিএম কাদের বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ নারীর প্রতি এসিড সন্ত্রাস বন্ধ করতে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করেছিলেন। বিচারের রায় দ্রুত বাস্তবায়ন করে দেশ থেকে এসিড সন্ত্রাস চিরতরে নির্মূল করেছিলেন। বর্তমান পরিস্থিতিতে নারীর সম্মান ও মর্যাদা রক্ষায় দ্রুততার সঙ্গে ধর্ষণ আইন সংশোধন করে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।