টেকনাফ পুলিশের হাতে ডাকাত সদস্য গ্রেফতার ; অস্ত্র-গুলি উদ্ধার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিবেদক : টেকনাফ মডেল থানা পুলিশ হ্নীলায় অভিযান চালিয়ে স্বশস্ত্র ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে। এসময় একনলা বন্দুক, এলজি,গুলি, চাকু, দা এবং লোহার রড উদ্ধার করা হয়েছে।

২৪ডিসেম্বর ভোররাত টেকনাফ মডেল থানার এসআই(নিঃ) মোঃ মঞ্জু, এসআই (নিঃ) মোঃ সোহেল আহমেদ, এসআই (নিঃ) মোঃ আজহারুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ কামাল হোসেন সর্ঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত মামলার আসামী গ্রেফতারের লক্ষ্যে উপজেলার হ্নীলা ঊলুচামরী কোনার পাড়ায় জনৈক আবুল কালামের বাড়ি সংলগ্ন খালের পাশে কতিপয় অবৈধ অস্ত্রধারী লোক ডাকাতি করার লক্ষ্যে অস্ত্র-শস্ত্র নিয়ে প্রস্তুতি গ্রহণের খবর পেয়ে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ডাকাত সদস্য হ্নীলা পূর্ব পানখালী মইন্যার জুম এলাকার ছৈয়দ আলমের পুত্র মোঃ সোহেল (২৩) কে গ্রেফতার করে। এসময় আরো ১০/১২জন স্বশস্ত্র ডাকাত সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত ডাকাত মোঃ সোহেলের দেহ তল্লাশীকালে তার পরিহিত প্যান্টের পেছনে গোঁজা অবস্থায় ১টি এলজি,৩টি ব্যবহৃত কার্তুজের খোসা জব্দ করা হয়। পরে পার্শ্ববর্তী এলাকা তল্লাশী করে পালিয়ে যাওয়া ডাকাত দলের ফেলে দেওয়া ১টি একনলা বন্দুক, ১টি একনলা বন্দুক (এলজি),দুপাশ ধারালো ১টি চাকু,১টি দা,২টি লোহার রড জব্দ করা হয়।

পুলিশ সুত্র আরো জানায়, ধৃত ডাকাত সদস্য জিজ্ঞাসাবাদে নিজের এবং পলাতক ডাকাতদের নাম-ঠিকানা প্রকাশ করে। সে আরো জানায়,ঘটনাস্থল হতে পলাতকেরাসহ অজ্ঞাতনামা আরো ৫/৬ জন ডাকাত আনোয়ার হোসেন প্রকাশ লেডাইয়ার নেতৃত্বে দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল। তারা দীর্ঘদিন যাবত হ্নীলা ও আশপাশ এলাকায় সংঘবদ্ধ হয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি জানান, ধৃত ও পলাতক ডাকাতেরা ডাকাতির উদ্দেশ্যে স্বশস্ত্র অবস্থায় সমবেত হইয়া পেনাল কোড ১৮৬০ এর ৩৯৯/৪০২ ধারার অপরাধ এবং অবৈধ অস্ত্র-গুলি নিজেদের হেফাজতে রেখে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯অ/১৯(ভ) ধারার অপরাধ করায় ডাকাতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে। ###