হুমায়ূন রশিদ : টেকনাফে ২০২৩-২৪ ইং রবি মৌসুমে বোরো, উফশি ও হাইব্রিড ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্ররোদনা কর্মসূচীর আওতায় পুরো উপজেলার ২হাজার ৫শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হয়েছে।

৬ডিসেম্বর সকাল ১১টায় টেকনাফ উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ২০২৩-২৪ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনার আওতায় বোরো হাইব্রিড ও বোরো উপসী ফসলের আবাদ বৃদ্ধি ও সময় মতো চাষাবাদের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জাকিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার এসএম শাহজাহানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরী। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শফিউল আলম কুতুবী, কৃষকগণ এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার প্রধান মোঃ আদনান চৌধুরী অতিথির বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং খাদ্য সংকটের কারণে স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি পণ্যের গুরুত্ব অপরিসীম। তাই দেশীয় কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য মাননীয় প্রধানমন্ত্রী সব সময় গুরুত্বারোপ করে আসছেন। প্রধানমন্ত্রীর আন্তরিক সহযোগিতায় প্রত্যন্ত এলাকার কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করা হয়েছে। স্থানীয়ভাবে নিত্যপণ্যের উৎপাদন বৃদ্ধি পেলে দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের ভোগান্তি কমবে। দেশ খাদ্য সংকট থেকে বেরিয়ে আসতে কৃষক-কৃষাণীদের অবদানের কথা তিনি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। তাই কৃষকদের উন্নয়নে সবাইকে সজাগ থাকার আহবান জানান।
এরপর টেকনাফ উপজেলার ৫টি ইউনিয়নের ২০২৩-২৪ অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনার আওতায় হোয়াইক্যং ইউনিয়নে বোরো হাইব্রিড বীজ ৮শ ৯০জন এবং বোরো উফশী বীজ ৫শ ৩০জন, হ্নীলা ইউনিয়নে বোরো হাইব্রিড বীজ ৩শ ৮০জন এবং বোরো উফশী বীজ ১শ ৯০জন, টেকনাফ সদর ইউনিয়নে বোরো উফশী বীজ ৮০জন, সাবরাং ইউনিয়নে বোরো হাইব্রিড বীজ ৭০জন এবং বোরো উফশী বীজ ৪০জন, বাহারছড়া ইউনিয়নে বোরো হাইব্রিড বীজ ১শ ৬০জন এবং বোরো উফশী বীজ ১শ ৩০জনসহ মোট ২হাজার ৫শ জন কৃষককে প্রতিজনে ২কেজি করে বোরো হাইব্রিড বীজ, ৫কেজি করে বোরো উফশী বীজ, ১০কেজি এমওপি সার, ১০কেজি ডিএপি সার বিতরণ উদ্বোধন করেন।
স্থানীয় প্রান্তিক কৃষকেরা বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় সরকার ও কৃষি অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কোন ধরনের প্রাকৃতিক দূর্যোগ বা অনাকাংখিত পরিস্থিতির শিকার না হলে ভাল ফলন পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী। ####
