এম.জিয়াবুল হক : চকরিয়ায় ট্রাকের ধাক্কায় মাহিয়া জন্নাত নুসরাত (১৬) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছেন। ১৮ এপ্রিল সোমবার সকাল ১০টার দিকে চকরিয়া-মহেশখালী সড়কের উপজেলার লালব্রীজ সংলগ্ন পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিয়া জন্নাত নুসরাত পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঈদমণি এলাকার মমতাজ উদ্দিনের বড় মেয়ে ও ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। স্কুল ছাত্রী মাহিয়া জন্নাত নুসরাতের মৃত্যুতে পরিবারের আর্তনাদে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, সকাল ১০টার দিকে ব্যটারীচালিত অটোরিকসা (টমটম) করে স্কুলে যাচ্ছিলেন মাহিয়া। পথিমধ্যে লালব্রীজ এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে মালবাহী ট্রাক টমটকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় মাহিয়া। পরে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিয়াকে মৃত ঘোষনা করেন।
এদিকে স্কুল ছাত্রী মাহিয়ার মৃত্যুর খবর শোনার পরপরই জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ সড়কে টায়ার ও গাছ ফেলে ব্যারিকেড দেয়। এতে ৩ ঘন্টা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার বিচারের আওতায় আনা হবে আশ্বাস দিলে শিক্ষার্থী ও সাধারণ মানুষ অবরোধ তুলে নেন এবং যান চলাচল স্বাভাবিক হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যায়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনী পদক্ষেপ নেয়া হবে বলে জানান ওসি। ##
