চকরিয়া থানা পুলিশের জালে কিশোরগ্যাং লিডার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিনিধি চকরিয়ায় অপহরণ চেষ্টার মামলার পরোয়ানাভুক্ত আসামি কিশোর গ্যাং লিডার মোহাম্মদ আরফাত (২২) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে চকরিয়া থানার এএসআই উত্তম কুমার ভৌমিকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ দল উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের অলিশাহ বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আরাফাত ফাঁসিয়াখালী ইউনিয়নের উত্তর ঘূণিয়া ৪ নং ওয়ার্ড এলাকার মৃত কবির আহমদের ছেলে ও ফাঁসিয়াখালী ইউপির ৪নং ওয়ার্ডের মেম্বার তৌহিদুল ইসলাম তুহিনের ছোট ভাই।

চকরিয়া থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৪ অক্টোবর রাত পৌনে আটটার দিকে চকরিয়া পৌরশহরের ২ নম্বর ওয়ার্ডের জনতা মার্কেটস্থ পুরাতন বাস টার্মিনাল এলাকায় কিশোর গ্যাং লিডার আরাফাতের নেতৃত্বে ৪-৫ জনের একটি কিশোর গ্যাং চক্র কুষ্টিয়ার দৌলতপুর তারাবনিয়া এলাকার মনিরুজ্জামান নামের এক ব্যবসায়ীকে হানিফ পরিবহনের টিকেট কাউন্টার থেকে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে অপহরণের চেষ্টা করে। এসময় ভয়ভীতি প্রদর্শন পূর্বক ভিকটিমের হাতে থাকা ১টি স্মার্ট মোবাইল ফোন, নগদ টাকা এবং তার বাম কাধে থাকা চামড়ার ব্যাগ ছিনিয়ে নেয়।

পরে ভিকটিম মনিরুজ্জামানের শৌর চিৎকারে একটি গাড়িতে উঠানোর চেষ্টাকালে স্টেশনে থাকা লোকজন এগিয়ে আসলে কিশোর গ্যাং লিডার আরাফাতসহ আরো ৩ জন পালিয়ে গেলেও ১জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী মো. মনিরুজ্জামান বাদী হয়ে চকরিয়া থানায় দ্রুত বিচার আইনে একটি অপহরণ চেষ্টার মামলা দায়ের করেন। ওই মামলার ৩ নং আসামী গ্রেফতারকৃত কিশোর গ্যাং লিডার আরফাত।

এদিকে, এ ঘটনার সময় সাংবাদিকদের মুঠোফোনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে কিশোর গ্যাং লিডার আরাফাত তাতে ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের মারধরের হুমকিও দেন।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার এএসআই উত্তম কুমার ভৌমিক। তিনি বলেন, গ্রেফতারকৃত আরফাতের বিরুদ্ধে অপহরণ চেষ্টার ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। গতকাল দুপুরে ফাঁসিয়াখালী ইউনিয়নের অলিশাহ বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, গ্রেফতারকৃত আসামি আরাফাতকে গতকাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ##