করোনাভাইরাস : পর্যটকশূন্য কক্সবাজার সৈকত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার |

করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে কক্সবাজার জেলা প্রশাসন বিশ্বের দীর্ঘতম সৈকতে জনসমাগমকে নিরুৎসাহিত করছে। আজ বিকাল থেকে সৈকতের ভ্রমণকারীদের সরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আমিন আল পারভেজ জানান, ভ্রমণকারীদের আপাতত সাময়িক সময়ের জন্য সৈকতে ভিড় না করতে অনুরোধ জানানো হয়েছে। সেই লক্ষ্যে সৈকত পুলিশ বিকাল থেকে কাজ শুরু করেছে। এ কারণে সৈকত এলাকা পর্যটকশূন্য হয়ে পড়েছে।

এদিকে জনসাধারণের করণীয় সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে পর্যটননগরী কক্সবাজারে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক তথ্যাবলির প্রচারপত্র বিতরণ করেছে জেলা প্রশাসন। আজ বুধবার সমুদ্র সৈকতের সীগাল-সুগন্ধা, কলাতলীর ডলফিন মোড়ে ছোট-বড় যানবাহনসহ বিভিন্ন স্থানে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

এ সময় তিনি হোটলে-মোটেলসহ জেলার বিভিন্ন স্থানে জনসমাবেশ, বিনোদন অনুষ্ঠান পরিবেশনসহ সবধরনের জনাসমাগমের আয়োজন থেকেও বিরত থাকতে পরামর্শ দেন। পাশাপাশি আগত পর্যটকদের জনাকীর্ণ পরিবেশ এড়িয়ে দূরত্ব বজায় রেখে ভ্রমণের অনুরোধ করেন তিনি।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিন আল পারভেজ, সহকারী কমিশনার ও নির্বাহী হাকিমবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিচ-কর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।