কক্সবাজার প্রতিনিধি –
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মো সেলিম নামে এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। গতকাল (বুধবার) রাত সাড়ে ১১টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প ২-ওয়েস্ট এর সি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত সেলিম একই ক্যাম্পের আব্দু শুক্কুরের ছেলে।
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মাড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান বুধবার ১৫ জুন রাত ১২ টার দিকে ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ওয়েস্ট সি ব্লকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে কথিত দুই বিবদমান সন্ত্রাসী গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটে। এতে মো সেলিম গুলিবিদ্ধ হয়। তাকে তাৎক্ষণিক পার্শ্ববর্তী এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সুপার নাইমুল হক জানান নিহত সেলিম কথিত আরসা গ্রুপের সদস্য। মুন্না গ্রুপের সদস্যদের গুলিতে তিনি নিহত হন। তবে সাধারন রোহিঙ্গারা জানিয়েছে নিহত সেলিম ক্যাম্পে রাত্রিকালীন পাহারাদার হিসেবে কাজ করতেন।
তবে ব্লক মাঝি জানিয়েছেন তিনি কোন গ্রুপের সদস্য কিংবা পাহাড়াদার ছিলেন না, দুই গ্রুপের গুলাগুলির মাঝে পড়ে তিনি প্রান হারান।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী জানান উখিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
এর আগে গত ৯ জুন রাতে উখিয়ার ১৮ নম্বর বালুখালী ক্যাম্পে মো. আজিমুদ্দিন (৩৩) নামের একজন ব্লক হেড মাঝিকে (নেতা) কুপিয়ে হত্যা করেছিল সন্ত্রাসীরা। এসময় আরো এক মাঝি সহ দুই রোহিঙ্গা গুরুতর আহত হন।
মাঝি হত্যার এক সপ্তাহর মধ্যে আরো একজন স্বেচ্ছাসেবীকে হত্যা করলো রোহিঙ্গা দুর্বৃত্তরা।