প্রতিকী ছবি
কক্সবাজার প্রতিনিধি, ১২ অক্টোবর।
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া উপজেলার হিজলিয়া নামক স্হানে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে উখিয়া উপজেলার স্হানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সহকারী প্রকৌশলী জহিরুল হক নিহত হয়েছেন। এসময় সিএনজি আরোহী আরো ৪ যাত্রী আহত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জহিরুল হক কুষ্টিয়া জেলার সদর উপজেলার নিহিংশ এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তিনি উখিয়া উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলীর দায়িত্বে ছিলেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান দুপুরে কক্সবাজার টেকনাফ মহাসড়কের
উখিয়ায় উপজেলার হিজলিয়া এলাকায় কক্সবাজারমুখী যাত্রীবাহী সমুদ্রতরী বাস ও উখিয়ামুখী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত উখিয়া উপজেলার স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের উপ সহকারী প্রকৌশলী জহিরুল হককে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার চালক ও তিন যাত্রী আহত হয়েছে। তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
