ফাইল ছবি
টেকনাফ টুডে ডটকম :
বৈরি আবহাওয়ার কারণে দুইদিন জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিন ভ্রমণে এসে আটকা পড়া প্রায় ৮ শতাধিক পর্যটক টেকনাফে ফিরেছে। রোববার সন্ধা সাড়ে ৬টার দিকে এমভি বাঙ্গলী নামে একটি জাহাজ আটকা পড়া আট শতাধিক পর্যটক নিয়ে টেকনাফ দমদমিয়া জাহাজ ঘাটে এসে পৌঁছে। এর আগে দুপুর ১টার দিকে প্রশাসনের বিশেষ অনুমতি নিয়ে জাহাজটি আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনতে সেন্টমার্টিন যায়। বিকাল ৪টার দিকে সেন্টমার্টিন থেকে যাত্রী বোঝাই করে সেটি সন্ধায় টেকনাফে ফিরে আসে।
গত শুক্রবার সকাল থেকে বৈরী আবহাওয়া ও ৩ নম্বর হুঁশিয়ারি সতর্ক সংকেত থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে কোনো জাহাজ চলাচল না করায় এসব পর্যটকরা আটকা পড়ে। তবে গত দুইদিনে কাঠের ট্রলারে ঝুঁকি নিয়ে সেন্টমার্টিন থেকে আরো হাজার খানেক পর্যটক ফিরে আসে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল আলম বলেন, সতর্কতা সংকেত থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে কোন জাহাজ চলাচল করতে দেওয়া হচ্ছে না। তবে গত দুই দিন ধরে আটকা পড়া পর্যটদের ফেরত আনার জন্য একটি জাহাজকে সেন্টমার্টিন যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে বৈরি আবহাওয়ায় এখনো সাগরে ৩ নং সর্তকতা জারি থাকলেও রবিবার দুপুরে আটকা পড়া পর্যটকদের ফিরিয়ে আনতে এমভি বাঙ্গালী সেন্টমার্টিন যাওয়ার পথে র্অধ শতাধিক যাত্রী সাথে নিয়ে যান, যারা সেখানে অবস্থান করছে বলে জানা গেছে।
