চকরিয়ায় ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতি : মৃত্যু সনদ তৈরীর অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলার এক ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতি করে মৃত্যুসনদ তৈরী করে এতিমখানার অর্থ আত্মসাতের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ভুক্তভোগী সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক বাদী হয়ে রবিবার ১২ সেপ্টেম্বর চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলাটি দায়ের করেছেন। আদালতের বিজ্ঞ বিচারক বিষয়টি আমলে নিয়ে কক্সবাজারের সিআইডি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। মামলায় ১০জনের নাম উল্লেখপূর্বক আরো ৮ থেকে ১০জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।
এজাহারনামীয় আসামিরা হলেন নুরুল কাদের, আজিজ উল্লাহ, আবদু রাজ্জাক, জাফর আলম, হারুন রশিদ, মোহাম্মদ ইদ্রিছ, আবদুল্লাহ রায়হান, রোস্তম শাহরিয়ার, মোহাম্মদ আইয়ুব ও মোহাম্মদ রুবেল।
মামলার এজাহার সূত্রে বাদি ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন, সুরাজপুর-মনিকপুর ইউনিয়নে ১০০একর সরকারী খাস জমির উপর কক্সবাজার জেলা প্রশাসক কর্তৃক ‘নিভৃতে নিসর্গ’ নামক একটি একটি পর্যটন স্পট গড়ে তোলা হয়। একইভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ৪০ শতক জায়গার উপর আশ্রয়ন প্রকল্পের অধীনে নতুন ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে। এসব উন্নয়ন কাজে বাঁধা দিচ্ছে আমার প্রতিপক্ষের লোকজন।
একইভাবে একই চক্রটি আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে আমাকে ফাঁসানোর পরিকল্পনার অংশহিসেবে সুরাজপুর ইসলামীয়া হেফজখানা ও এতিমখানার অর্থ আত্মসাতের উদ্দেশ্যে সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের প্যাড, বাদীর স্বাক্ষর ও সীল জালিয়াতি করে জীবিত মানুষকে মৃত দেখিয়ে মৃত্যুসনদ তৈরী করা হয়। এসব মৃত্যুসনদ দেখিয়ে মুলত অভিযুক্ত আসামিরা যোগসাজসে এতিমের নামে বরাদ্দকৃত টাকা আত্মসাত করেছে।
বাদি ইউপি চেয়ারম্যান আরো বলেন, মৃত্যুসনদ প্রদানের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদে সরকারীভাবে একটি রেজিস্টার রয়েছে। প্রদর্শিত মৃত্যুসননটি ইউনিয়ন পরিষদের রেজিস্টারে লিপিবদ্ধ নেই। সেই থেকে বিষয়টি পরিস্কার যে এতিমের টাকা আত্মসাতের জন্য চক্রটি এসব অপর্কম করেছে।
এদিকে স্বাক্ষর জলিয়াতি করে জাল মৃত্যুসনদ তৈরী ও এতিমখানার অর্থ আত্মসাতকারীদের শাস্তির দাবীতে রবিবার দুপুর ১২টার দিকে চকরিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক। সংবাদ সম্মেলনে তিনি দাবী করেন আমার জনপ্রিয়তায় ইর্ষান্বিত ও মানহানি করার উদ্দেশ্যে প্রতিপক্ষের লোকজন আমার স্বাক্ষর জাল করে মৃত্যুসনদ বানিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগন্ডা ছড়া”েছ। ##