রমিজ উদ্দিন কলেজের শিক্ষার্থীদের জন্য ৫টি বাস দিলেন প্রধানমন্ত্রী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে পাঁচটি বাস হস্তান্তর করা হয়েছে। বাসচাপায় ওই প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষার্থী পরিবহনের জন্য এ বাসগুলি দেয়া হয়।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে স্কুল কর্তৃপক্ষের কাছে বাসগুলো হস্তান্তর করেন বিআরটিএর চেয়ারম্যান মো. মশিয়ার রহমান।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু ফেসবুকে এক পোস্টে লিখেছেন, আওয়ামী লীগের প্রতি মানুষের প্রত্যাশা বেশি, আওয়ামী লীগ প্রত্যাশা অনুযায়ী কাজ করে, কথা দিলে কথা রাখে বিভ্রান্ত হবেন না। উল্লেখ্য, গত ২৯ জুলাই (রোববার) কর্মিটোলায় জাবালে নূর পরিবহনের বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। প্রধানমন্ত্রী ২ আগস্ট (বৃহস্পতিবার) নিহত দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রী কার্যালয়ে নিয়ে এসে তাদের সান্ত্বনা ও সমবেদনা জানান। পরে প্রধানমন্ত্রী নিহত দুই শিক্ষার্থীর প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা করে মোট ৪০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র দেন।
রমিজ উদ্দীন 1 600x337 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এ সময় প্রধানমন্ত্রী শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজকে পাঁচটি বাস দেয়াসহ নিরাপদ সড়ক বাস্তবায়নে ও দুর্ঘটনারোধে রমিজ উদ্দিন স্কুল সংলগ্ন বিমানবন্দর সড়কে আন্ডারপাস নির্মাণ, দেশের প্রতিটি স্কুল সংলগ্ন রাস্তায় স্পিড ব্রেকার বসানো এবং শুধু স্কুলের জন্য প্ল্যাকার্ড সম্বলিত বিশেষ ট্রাফিক পুলিশ নিয়োগ দেয়ার ঘোষণা দেন।