নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরো ২ কিশোরের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago
নাফ নদীতে নৌকা ডুবির ঘটনায় এখনো নিখোঁজ আনোয়ার সাদেক

আব্দুস সালাম, টেকনাফ :
নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরো ২ শিশুর লাশ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। উদ্ধারকৃতরা হল টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার হামিদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (১৭) ও আনোয়ার হোসেনের ছেলে মোঃ আয়ুব (১৫)। এতে নিখোঁজ নিহত উদ্ধারের সংখ্যা দাড়ালো ৩ জনে। এ ঘটনায় আনোয়ার সাদেক (১৪) নামে এখনো এক কিশোর নিখোঁজ রয়েছে।
২৯ জুন বৃহস্পতিবার কোস্টগার্ড সদস্যরা নাফ নদীর শাহপরীরদ্বীপ জালিয়া পাড়া ও নয়াপাড়া পয়েন্ট থেকে তাদের লাশ উদ্ধার করে।
গত মঙ্গলবার বিকেলে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে ঈদের আনন্দ উপভোগ করতে গিয়ে ভ্রমনে বের হওয়া ১৭ শিশু- কিশোরের নৌকাটি ডুবে যায়।ঐ সময় ১৩ জন শিশু-কিশোরকে স্থানীয়রা জীবিত উদ্ধার করলেও ৪ জনের খোঁঁজ মিলেনি। অবশেষে ২৮ জুন বুধবার একজনের লাশ ও বৃহস্পতিবার দুইজনসহ মোট ৩জন নিখোঁজের মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় আনোয়ার সাদেক নামে এক কিশোর নিখোঁজ রয়েছে। সে সদর ইউনিয়নের মৌলভা পাড়া এলাকার মীর আহমদের ছেলে।
উল্লেখ্য বুধবার নিখোঁজ পুরাতন পল্লান পাড়ার ছব্বির আহমদ প্রকাশ মনু মিয়ার ছেলে মোঃ আমিন (৯) কে উদ্ধার করা হয়। এপর্যন্ত নিখোঁজ ৩ শিশু-কিশোরকে উদ্ধার করা হয়।
টেকনাফ কোস্টগার্ড ষ্টেশন কমান্ডার লে. কমান্ডার জাফর ইমাম সজীব জানান, নৌকাডুবির ঘটনার পর থেকে কোস্টগার্ড সদস্যরা নিখোঁজদের সন্ধানে নাফনদীতে উদ্ধার তৎপরতা শুরু করে। বুধবার ১নং স্লইস এলাকা থেকে নিখোঁজ একজন ও বৃহস্পতিবার সকালে শাহপরীরদ্বীপ জালিয়া পাড়া ও নয়াপাড়া এলাকা থেকে নিখোঁজ অপর দুই জনের লাশ উদ্ধার করা হয়। এখনো একজন নিখোঁজ থাকায় কোস্টগার্ড উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানান তিনি।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন খান জানান, উদ্ধার মৃতদেহগুলো শনাক্ত করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে টেকনাফ সদর ইউপি মেম্বার এনামুল হক জানান, নৌকা ভ্রমণে গিয়ে নিহত নাজির পাড়া এলাকার দুই কিশোরের লাশের জানাযা ও দাফনের প্রস্ততি চলছে।