চকরিয়ায় আদালতের নির্দেশনা- পুলিশি বাধা উপেক্ষা করে টিনের ঘেরা দিয়ে স্থাপনা নির্মাণ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় আদালতের নির্দেশনা ও পুলিশি বাধা উপেক্ষা করে জমিতে টিনের ঘেরা দিয়ে জবর দখল চেষ্টার ঘটনা ঘটেছে। পৌরসভার কাহারিয়াঘোনা রশিদারবিল গ্রামে ঘটে এ ঘটনা। এদিকে দখল চেষ্টার ঘটনায় জমি মালিক চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা রশিদারবিল গ্রামের আবদুর রহমানের পুত্র কামাল উদ্দীন ও জামাল উদ্দীন গং বাদী হয়ে গত ১আগষ্ট অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত, কক্সবাজারে একটি ১৪৪ ধারায় এম, আর মামলা (নং-১৩৭৪ /২০২২ইং) দায়ের করেন।
মামলার এজাহারে বিবাদী করা হয়েছে; একই এলাকার খুল্ল্যা মিয়ার পুত্র নুরুল আবছারসহ অজ্ঞাত নামা ভাড়াটিয়া ৪/৫ জনকে। মামলার আদেশে আদালতের বিচারক চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি), চকরিয়াকে বিরোধীয় জায়গার বিষয়ে সরেজমিন তদন্তপূর্বক মতামতসহ রিপোর্ট দেয়ার এবং চকরিয়া থানার ওসিকে বিরোধীয় জায়গায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেন।

মামলার বাদি কামাল উদ্দিন দাবি করেন, আদালতে ১৪৪ ধারায় মামলা করার পর অভিযুক্ত নুরুল আবছার গং আরো বেপরোয়া হয়ে দখল চেষ্টায় মেতে উঠেছেন। অভিযুক্তরা আইনের শাসন ও আদালতের নির্দেশনা উপেক্ষা করে প্রকাশ্য দিবালোকে টিনের ঘেরা দিয়ে জবরদখল কাজ অব্যাহত রেখেছেন।

আদালতের মামলার আলোকে শান্তিশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত অফিসার চকরিয়া থানার সহকারি উপপরিদর্শক মোঃ মামুন মিয়া। জানতে চাইলে তিনি আরও জানান, আদালতের নির্দেশনা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আদেশমূলে জমিতে শান্তিশৃঙ্খলা রক্ষায় নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশ দেওয়ার পরও বিবাদী পক্ষ কর্তৃক টিনের ঘেরা নির্মাণের বিষয়টি অবগত হয়েছেন। তাই উভয়পক্ষকে ১২আগষ্ট সন্ধ্যায় থানায় আসার জন্য বলেছেন। তা প্রমাণিত হলে পরবর্তী আইনগতব্যবস্থা হবে।##