সোহেল তাজ আওয়ামী রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বলে গুঞ্জন

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বলে গুঞ্জন উঠেছে।

সোহেল তাজের ছোট বোন মাহজাবিন আহমদ মিমির এক ফেসবুক পোস্টকে ঘিরে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। সোহেল তাজ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বলে এর আগেও গুঞ্জন উঠেছিল।

গত ১১ আগস্ট নিজের ফেসবুক টাইমলাইনে একটি স্ট্যাটাসে মিমি লেখেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন কাউন্সিল অধিবেশনে তানজিম আহমদ (সোহেল তাজ) দলীয় নেতৃত্বে আসছেন ইনশাআল্লাহ। জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! জয়তু শেখ হাসিনা!! বাংলাদেশ চিরজীবী হোক।’

এ ব্যাপারে সোহেল তাজ গণমাধ্যমকে বলেন, ‘আমি দলের (আওয়ামী লীগের) জন্য সর্বদা প্রস্তুত আছি। যে কোনো পরিস্থিতিতে দল যদি মনে করে, আমি অবদান রাখতে পারি-তাহলে আমাকে ডাকলে যাব।’

ফেসবুক পোস্ট নিয়ে গণমাধ্যমকে মাহজাবিন আহমদ মিমি বলেন, মন্ত্রিত্ব ও সংসদ-সদস্য পদ ছেড়ে দিলেও সোহেল তাজ সব সময় আওয়ামী লীগের সঙ্গে আছেন। সব জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে তিনি উপস্থিত থেকে দলের জন্য শুভ কামনা জানিয়েছেন।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের একমাত্র পুত্র তানজিম আহমদ সোহেল তাজ ২০০১ সালের জাতীয় নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে একই আসন থেকে আবারও নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ।তবে সেই পদে তিনি বেশি দিন থাকেননি। ওই বছরই ৩১ মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেন। আর ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন তিনি। এরপর থেকে রাজনীতি থেকে দূরে রয়েছেন তাজউদ্দীনপুত্র।