বার্তা পরিবেশক : হ্নীলায় এক ওয়ার্ড ছাত্রলীগ নেতার রাজকীয় চলাফেরা এবং রহস্যজনক অপহরণের পর ফিরে আসায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে ইয়াবা ও স্বর্ণ চোরাচালানে সম্পৃক্ততার অভিযোগে অপহরণের অভিযোগ উঠেছে। অপহৃত এই ছাত্র নেতা অপহরণের সত্যতা স্বীকার করলেও প্রকৃত ঘটনা সম্পর্কে মুখ খুলছেনা।
স্থানীয় একাধিক সুত্রের দাবী,গত ১১ ডিসেম্বর রাত ১০টারদিকে ২৫নং আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের একদল স্বশস্ত্র রোহিঙ্গা দূর্বৃত্ত দল ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও লেদা পুছিঙ্গা পাড়ার মোঃ ইসমাঈলের পুত্র মোঃ নুরকে অপহরণ করে নিয়ে যায়। পরে ভোররাতে তাকে অপহরণকারীরা বাড়ি ফিরে আসে। হঠাৎ করে অপহরণ এবং সুস্থভাবে ফিরে আসার ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে নানা অপকর্ম নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এলাকার লোকজনের মধ্যে ইয়াবা এবং স্বর্ণের বার ছিনতাই সংক্রান্ত বিষয়ে কথা বার্তা চলতে শুনা গেছে। সে ছাত্র হলেও অত্যাধুনিক মোটর বাইক নিয়ে রাজকীয় চলাফেরা নানা রহস্যের জন্ম দিয়েছে।
এই ব্যাপারে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাফেজ নুর কামাল বলেন, তাকে অপহরণ ও ছেড়ে দেওয়ার ঘটনা ঠিক। তবে সে এসব অপরাধে সম্পৃক্ত নন বলে দাবী করেন।
স্থানীয় মেম্বার নুরুল হুদা জানান,ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও লেদা পুছিঙ্গা পাড়ার মোঃ ইসমাঈলের পুত্র মোঃ নুর অপহরণের শিকার হয়ে ভোররাতে ফেরত আসে। তবে স্থানীয় সুত্রের বরাত দিয়ে তিনি আরো বলেন ইয়াবা ও স্বর্ণের বার ছিনতাই সংক্রান্ত বিষয়ে সে অপহৃত হয়েছে। পরে গোপন লেন-দেনের মাধ্যমে ফিরে আসে।
এই ব্যাপারে অপহৃত যুবক মোঃ নুর বলেন,আমাকে অপহরণ করেছে ঠিক। তবে আমাকে ভোররাতে ছেড়ে দেয়। কেন এবং কারা অপহরণ করেছে সে বিষয়ে জানতে চাইলে সুচতুর এই যুবক এড়িয়ে যান।
এই ব্যাপারে নয়াপাড়া এপিবিএন পুলিশ ক্যাম্পের পরিদর্শক ফয়জুল আজিম বলেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ এলে খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে। তবে তিনি অপহরণের বিষয়টি রহস্যজনক মনে করছেন। তিনি অপহৃত যুবককে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে জানান।
স্থানীয় সচেতন মহল মনে করছেন,শক্তিশালী একটি সিন্ডিকেট এই ধরনের অপকর্ম ধামা-চাপা দিচ্ছে। এভাবে চলতে থাকলে এলাকার ছাত্র ও যুব সমাজ অর্থের লোভে খারাপ পথে পা দিয়ে আরো ক্ষতিগ্রস্থ হবে। ###
