টেকনাফ টুডে ডেস্ক : কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আবারো উড়ল বাংলাদেশের বিজয় কেতন। মেয়েদের অনূর্ধ্ব-১৯ সাফের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো মারিয়া মান্ডার দল।
৮০তম মিনিটে এই আসরের সর্বোচ্চ গোলদাতা শাহেদা আক্তার রিপার ব্যাকহিলে বক্সের বেশ দূর থেকে উঁচু শট নেন আনুচিং মোগিনি। ভারতের গোলকিপার আনশিকা তা ফিরিয়ে দিতে চেয়েছিলেন। তিনি হাত দিয়ে বল ঠেললেও দুর্ভাগ্যবশত জালে জড়ায়।
রাউন্ড রবিন লিগ পর্বে আগের দেখায় ভারতকে ১-০ গোলেই হারিয়েছিল বাংলাদেশ। এছাড়া নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করে। পরে ভুটানকে ৬-০ ও শ্রীলঙ্কাকে ১২-০ গোলে হারায় স্বাগতিকরা।
তিন বছর আগে ভুটানে প্রথমবার মেয়েদের বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৮ সাফে নেপালকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ২০১৮ সালের পর এই বছর টুর্নামেন্টটি আয়োজিত হলো বয়স এক বছর বাড়িয়ে। আর সেখানেও লাল-সবুজের দাপট। গোলাম রাব্বানী ছোটনের দল প্রথম আসরেই চ্যাম্পিয়ন হলো ভারতকে হারিয়ে।
পাঁচ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন রিপা।
