বিশেষ প্রতিবেদক : মরিচ্যা যৌথ চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা পৃথক যানবাহন তল্লাশী চালিয়ে দুই লক্ষাধিক ইয়াবার চালান নিয়ে হ্নীলার করিম ড্রাইভার ও নয়াবাজারের শাহাবুদ্দিনসহ ৪জনকে আটক করা হয়েছে।
সুত্র জানায়, ৯ সেপ্টেম্বর ভোররাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত রামু মরিচ্যা যৌথ চেকপোস্টে দায়িত্বরত ৩০বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বরত জওয়ানেরা একটি ইজিবাইক তল্লাশী করে যাত্রী সিট এবং ব্যাটারী বক্সের মধ্যে বিশেষভাবে লুকানো ৭টি ইয়াবার প্যাকেট উদ্ধার করে। যার মধ্যে ৬৫ হাজার ইয়াবাসহ টেকনাফের নয়াবাজার কাঁচার পাড়ার মৃত আবুল কাশেমের পুত্র ইজিবাইক চালক শাহাবুদ্দিনকে আটক করা হয়।
অপরদিকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস তল্লাশী করে চালকের সিটের পিছন হতে শপিং ব্যাগের মধ্যে লুকায়িত অবস্থায় ৪০হাজার পিস ইয়াবাসহ টেকনাফের হ্নীলার ফুলের ডেইল এলাকার মৃত ওমর মিয়ার ছেলে মাইক্রোবাসসহ চালক মোঃ আব্দুল করিম (৩২) কে আটক করা হয়।
রামু ব্যাটালিয়ন ৩০বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল ইব্রাহিম ফারুক জানান, মরিচ্যা যৌথ চেকপোষ্টে দায়িত্বরত জওয়ানেরা ধৃতরাসহ পৃথক ৪টি অভিযান করে ২লক্ষ ৫হাজার পিস ইয়াবা উদ্ধারসহ ৪জন মাদক পাচারকারীকে আটক করে। জব্দকৃত ইয়াবা, ইজিবাইক, প্রাইভেটকার, মাইক্রোবাস এবং মোবাইলসহ নিয়মিত মামলার মাধ্যমে তাদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে স্থানীয় সুত্রের দাবী, নয়াবাজার কাঁচার পাড়ার শীর্ষ মাদক ব্যবসায়ী নুর হাফেজ ক্রস ফায়ারে নিহত হওয়ার পর তার ভাই বার্মাইয়া মোঃ নুরের নেতৃত্বে স্বশস্ত্র গ্রæপ বড় ধরনের মাদকের চালান খালাস করে বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। পুর্ব সাতঘড়িয়াপাড়া এলাকার নুর হোছনের পুত্র বাদশা মিয়া, নুরুল আলমের পুত্র জাফর আলম, কালা মিয়ার পুত্র নুর আলম ওরফে দইল্ল্যার ও বার্মাইয়্যা নুর মোহাম্মদের নেতৃত্বে কাচারপাড়া,পশ্চিম মহেশখালীয়াপাড়া,পূর্ব মহেশখালীয়াপাড়া ও নয়াবাজার এলাকায় নিরাপদ মাদক ব্যবসা চলছে।
অপরদিকে হ্নীলা পুরান বাজার ও ফুলের ডেইল এলাকার চিহ্নিত ২০/৩০জন মাদক কারবারী ভদ্র লোকের মুখোশ পড়ে স্থানীয় প্রশাসনের সাথে দালাল পরিচয়ে দীর্ঘদিন ধরে গভীর রাতে প্রকাশ্যে মাদকের অপতৎপরতা চালালেও রহস্যজনক কারণে কারো নজরে না আসায় মাদকের স্বর্গরাজ্য বানিয়েছে। আবার অনেক গরীব লোকের ছেলেদের টাকা লোভে ফেলে যানবাহনের পাশাপাশি অভিনব কৌশলে খাইয়ে পাচারের অভিযোগ দীর্ঘদিনের। তাই এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনকে নিঃস্বার্থভাবে মাদক কারবারীদের আইনের আওতায় আনার জোর দাবী উঠেছে। ###
