নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে হামলায় দুই কোস্টগার্ড সদস্য গুরুত্বর আহত : ক্রেতা সেজে অভিযান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

আখতার হোসেন হীরু, টেকনাফ :
টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ীদের হামলায় দুই কোস্টগার্ড
সদস্য গুরুত্বর আহত হয়েছে। আহতরা হচ্ছে টেকনাফ কোস্টগার্ড স্টেশনের সদস্য মো. ফারুক (৩০) ও মো. জয়নাল (২৮)। আহত দুই কোস্টগার্ড সদস্যকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকে এ ঘটনা ঘটে।

জানা যায়, সাদাপোষাকে দুই কোস্টগার্ড সদস্য ক্রেতা সেজে নয়াপাড়া ক্যাম্পে ইয়াবা অভিযানে যান। এইচ ব্লকের ১২২১ নাম্বার শেডের ১০ নাম্বার কক্ষে লেড়– হোসেনের ঘরে লেনদেন করছিলেন। এসময় উক্ত কক্ষে থাকা ইয়াবা ব্যবসায়ীরা দুই কোস্টগার্ড সদস্যকে ছুরিকাঘাত করে তাদের সাথে থাকা টাকা নিয়ে পালিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ক্যাম্প সূত্রে জানা গেছে, হামলাকারীদের মধ্যে সাদেক, জিয়া, তাহের ও আব্দুল হামিদ নামে চার রোহিঙ্গা ছিল।

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার ফয়জুল ইসলাম জানান, বুধবার সন্ধায় ইয়াবা বেচাকেনার গোপন সংবাদে তার নেতৃত্বে নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের সাদেকের ঘরে অভিযান চালানো হয়। এসময় ইয়াবা ব্যবসায়ীরা কোস্টগার্ড সদস্যদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে উক্ত দুই সদস্য আহত হয়েছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শোভন দাস জানান, আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। তাদের একজনের বুকে প্রায় ৬ ইঞ্চির মতো ক্ষত ও অন্যজনের কান প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। দাড়ালো কিছুর আঘাতে এমন হয়ে থাকতে পারে বলে জানান তিনি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পোষাকধারী কোস্টগার্ড সদস্যরা সাদাপোষাকে থাকা দুই সদস্যকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।