হুমায়ূন রশিদ : কক্সবাজার র্যাব-১৫ এর আভিযানিক দল টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও আইসসহ ৪জন নারী-পুরুষ মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়,গত ১৭মার্চ বিকাল সাড়ে ৪টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল টেকনাফ সদর ইউপির মৌলভী পাড়ার জনৈক নবী হোসেনের সেমিপাকা বসত-ঘরে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য কতিপয় মাদক কারবারী অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। বসত-ঘরের সামনে র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে স্থানীয় নবী হোসেনের পুত্র আয়াছ উদ্দিন (২৫), জয়নাল আবেদীন (২৯) এবং মেয়ে বদুজ্জামান (৩৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের বসত ঘরে ইয়াবা মজুদ আছে বলে স্বীকার করলে পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ এবং বসত-ঘর তল্লাশী করে শয়ন কক্ষের খাটের নিচে থাকা একটি শপিং ব্যাগ হতে ১০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে গত ১৭মার্চ বিকাল পৌনে ৬টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল হোয়াইক্যং পূর্ব সাতঘরিয়া পাড়ায় একজন মাদক কারবারী অবস্থানের খবর পেয়ে একটি মাদক বিরোধী বিশেষ অভিযানে যায়। এসময় র্যাবের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে একটি শপিং ব্যাগসহ দৌঁড়ে পালানোর চেষ্টাকালে হোয়াইক্যং পশ্চিম সাতঘরিয়া পাড়ার শেখ উদ্দিনের পুত্র হুমাইয়ুন কবির (২২) কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির দেহ ও তার হেফাজতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে এক কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, পৃথক অভিযানে উদ্ধারকৃত ইয়াবা ও আইসসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
