টেকনাফে গত ১বছরে বিজিবি-ডিএনসির পৃথক অভিযানে ২৮৫ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

খাঁন মাহমুদ আইউব : টেকনাফ সীমান্তে গেলো বছর পৃথক অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (ডিএনসি) বিশেষ জোন ২৮৪ কোটি ৮৮ লাখ ৩ হাজার ২৮৯ টাকার মাদক স্বর্ণ ও বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার করেছে। ৬৭৬টি মামলায় ৬২৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং পলাতক রয়েছে ৭৬ জন। এছাড়াও বন্ধুক যুদ্ধে নিহত হয়েছে ৫ জন।

টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল শেথ খালিদ মোহাম্মদ ইফতেখার ও টেকনাফ ডিএনসি এর সহকারী পরিচালক সিরাজুল মুস্তফা মুকুল এই তথ্য নিশ্চিত করেছেন।

২ বিজিবি অধিনায়ক জানান- বিগত ২০২১সালের ১জানুয়ারি থেকে ৩১ডিসেম্বর পর্যন্ত টেকনাফের সীমান্তে ২ বিজিবির দায়িত্বপূর্ণ স্থল ও নৌপথের সীমান্ত চৌকি গুলো অভিযান চালিয়ে ৬১ লাখ ৩৪ হাজার ৩৯৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব মাদকের আনুমানিক মূল্য ১৮৪ কোটি ৩ লাখ ১৯ হাজার ৭০০ টাকা। এসব ঘটনায় বন্দুকযুদ্ধে ৫ জন নিহত হয়েছে। এসংক্রান্ত ৪২৯টি মামলায় ৪১৩ জনকে গ্রেফতার করা হয় এবং ৯ জন পলাতক রয়েছে।

৯ কেজি ২২১ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১৪ কেজি ৪৪৫ গ্রাম গাঁজা, ১৬৬ বোতল ফেন্সিডিল, ৫ হাজার ৭৫১ ক্যান বার্মিজ বিয়ার, ৬৯৮ বোতল বিদেশি মদ, ২৩৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪৪ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ১০৭ টাকা। এসব ঘটনায় ৭২টি মামলায় ৩৭ জনকে গ্রেফতার করা হয়, ২ জন পলাতক রয়েছে।

৪ লাখ ৯৬ হাজার ১৭ টাকার ৯৫.২৮ গ্রাম সোনা উদ্ধারের ঘটনায় ৩টি মামলায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে। ৯ কোটি ১৭ লাখ ৭ হাজার ২১৫ টাকার চোরাই পন্য উদ্ধারের ঘটনায় ১৯৫ টি মামলায় ৭০ জনকে গ্রফতার করা হয়েছে। পলাতক রয়েছে ৫ জন।

এছাড়াও ৮টি দেশীয় বন্দুক, ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড তাজা কার্তুজ, কার্তুজের ৪টি খালি খোসা, ৬টি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে।

অপরদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন একই সময়ে ২ কেজি ৮৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৯ লাখ ৪৮ হাজার ৯১ পিস ইয়াবা বড়ি, ৫ কেজি ৭৬২ গ্রাম গাঁজা, বিয়ার ১২৬ ক্যান, চোলাই মদ ৮০ হাজার ৫৩৫ লিটার, বিলাতি মদ ১৬.৮০০ লিটার, সন্দিগ্ধ মাদকদ্রব্য ১.৪ কেজি উদ্ধার করা হয়েছে।

এসব অভিযানে নগদ ৫ লাখ ৩১ হাজার ৫৫০ টাকা, ৫টি অস্ত্র ও ৩০ রাউন্ড গুলি, পাচার কাজে ব্যবহৃত ২টি ব্যাটারিচালিত টমটম, ১টি পিকআপ, ১টি ফিশিং বোট ও ২টি মোটর বাইক জব্দ করা হয়েছে। এসব মাদকের আনুমানিক মূল্য ৪৫ কোটি ৮৪ লাখ ৩৭ হাজার ২৫০ টাকা বলে জানিয়েছেন। এসংক্রান্ত ঘটনায় ১৭২টি মামলায় ১৭৩ জন আটক ও ৬৫ জন পলাতক রয়েছে।

জব্দকৃত মালামাল ও মাদকের আনুমানিক মূল্য ৪৫ কোটি ৮৪ লাখ ৩৭ হাজার ২৫০ টাকা বলে জানিয়েছেন ডিএনসির সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল।