টেকনাফে ইয়াবা বোঝাই ট্রলারসহ দেশী-বিদেশী ৪জন মাদক কারবারী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বিশেষ প্রতিবেদক : টেকনাফে নাফনদীতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর ধাওয়া খেয়ে বাংলাদেশ সীমান্তে পালিয়ে আসা ট্রলার তল্লাশী করে ৭৮হাজার পিস ইয়াবাসহ ট্রলারে থাকা দেশী-বিদেশী ৪জন মাদক কারবারীকে আটক করা হয়েছে।

জানা যায়, গত ২৬ জানুয়ারী বিকালের দিকে মিয়ানমার সীমান্ত হতে নাফনদী হয়ে ১টি ট্রলার বাংলাদেশ সীমান্তে প্রবেশকালে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী ধাওয়া করে। তখন ট্রলারে থাকা লোকজন নিরুপায় হয়ে বাংলাদেশ সীমান্তের সাবরাং বিওপির আওতাধীন জিন্নাখাল বালুচরে আটকা পড়ে। পরে বিজিবি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রলারে থাকা হ্নীলা ফুলের ডেইলের মোঃ রবিউল ইসলামের পুত্র জাহাঙ্গীর আলম (৪২), শাহপরীর দ্বীপের মৃত কালু মিয়ার পুত্র মোঃ হাফেজ আহমদ (৪০), মিয়ানমারের আকিয়াব জেলা শহরের মন্দ্রাছে গ্রামের মৃত উ ছিং এর পুত্র ছেং ওয়াছিং (৩৮) এবং মিয়ানমারের দব্রিছাই থানা শহরের মৃত উপান জ এর পুত্র নেম ইউ চ (৩৬) সহ ট্রলারটি জেটিঘাটে নিয়ে আসে।

২৭ জানুয়ারী সন্ধ্যা ৭টায় জেটিঘাটে তল্লাশীর সময় ইঞ্জিনের নীচে অভিনব কায়দায় ফিটিং করা অবস্থায় ২ কোটি ৩৪লক্ষ টাকা মূল্যমানের ৭৮ হাজার পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদক, ট্রলারসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন। ###