ছাত্রলীগ নেতার উপর হামলার ঘটনায় সম্পৃক্ততায় চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় কক্সবাজার জেলা ছাত্রলীগ সদস্য তারেকুল ইসলাম রাহিতের উপর হামলা চালিয়ে কুপিয়ে জখমের ঘটনা প্রমাণিত হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের নির্দেশে গঠিত দুই সদস্যের একটি কমিটি সরেজমিনে এলাকা পরিদর্শন পুর্বক ৭দিবসের মধ্যে কেন্দ্রীয় কমিটির কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন।
কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে জমা দেয়া তদন্ত প্রতিবেদনে হামলার সাথে সম্পৃক্ততার অভিযোগে চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরহান মাহমদু রুবেলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে হামলায় অংশ নেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় কক্সবাজার জেলা ছাত্রলীগের একজন সদস্য ছাড়াও চকরিয়া উপজেলা ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি।
বৃহস্পতিবার (৯মে) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা আদেশের বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিজের ফেইসবুকে আপলোড করেন। পাশাপাশি সদ্য ঘোষিত ঈদগাঁও সাংগঠনিক উপজেলা এবং আইন কলেজ শাখা কমিটিও বিলুপ্ত করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় জেলা ছাত্রলীগ সদস্য তারেকুল ইসলাম রাহিতের উপর হামলা চালায়। তাদের হামলায় তারেক গুরুত্বর আহত হয়। এ অবস্থায় ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ গত ২৯ এপ্রিল দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। উক্ত কমিটি কক্সবাজারে এসে ঘটনার তদন্ত করে একটি সুপারিশনামা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদকের কাছে জমা দেন।
তদন্ত কমিটির সুপারিশের উপর বৃহস্পতিবার চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরহান মাহমুদ রুবেলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। একই সাথে যুগ্ন-সাধারণ সম্পাদক আকিত হোসেন সজীবকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। পাশাপাশি হামলার সাথে জড়িত থাকার অভিযোগে আরো ১০ জনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, জেলা ছাত্রলীগের সদস্য ও চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মিটু, উপজেলা ছাত্রলীগ কর্মী সাইফ সোহার্ত, আনোয়ার মোহাম্মদ ইরফান, নুর মোহাম্মদ কানন, ইয়াছিন আরফাত, ইশাক আহম্দে ইয়ামিন, ফয়সাল মাহমুদ, আলফাজ মাহমুদ সঈদী, সাকলাইন মোহাম্মদ আলিফ, ইউসুফ বিন হোসাইন।#