চকরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র আলমগীর চৌধুরী ও ১২ পৌর কাউন্সিলর শপথ নিয়েছেন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

এম.জিয়াবুল হক : গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী কক্সবাজারের চকরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও সংরক্ষিত ওয়ার্ডের তিন নারী কাউন্সিলর এবং সাধারণ ওয়ার্ডের নির্বাচিত ৯জন সহ ১২জন কাউন্সিলর আনুষ্ঠানিক শপথ নিয়েছেন।
মঙ্গলবার ৫ অক্টোবর দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে তাদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিভাগীয় কমিশনার মো.কামরুল হাসান এনডিসি চকরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান। এসময় বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রথমে শপথ নিয়েছেন চকরিয়া পৌরসভার নির্বাচিত বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী। পরে শপথ গ্রহন করেন ১.২.৩ সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর রাশেদা বেগম, ৪.৫.৬ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর ফারহানা ইয়াছমিন ফোরকান, ও ৭.৮.৯ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম। সাধারণ আসনের ১নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর এম নুরুস শফি, ২নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলাম হিমু, ৩নম্বর ওয়ার্ডের ইফতেখারুল ইসলাম হানিফ, ৪নম্বর ওয়ার্ডের জাফর আলম কালু, ৫নম্বর ওয়ার্ডের ফোরকানুল ইসলাম তিতু, ৬নম্বর ওয়ার্ডের আবদুস সালাম, ৭নম্বর ওয়ার্ডের নুরুল আমিন, ৮নম্বর ওয়ার্ডের মুজিবুল হক মুজিব এবং ৯নম্বর ওয়ার্ডের বেলাল উদ্দিন।
একইদিন চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে চকরিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর ছাড়াও কক্সবাজার জেলার মহেশখালী পৌরসভা এবং ফেনী জেলার সোনাগাজী পৌরসভার নব নির্বাচিত মেয়র এবং কাউন্সিলদেরও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে চকরিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র আলমগীর চৌধুরী ২১৪৯০ ভোট পেয়ে বিশাল ব্যবধানে টানা দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন। এছাড়াও সংরক্ষিত আসনে ৩জন নারী কাউন্সিলর ও সাধারণ আসনে ৯ জন কাউন্সিলর নির্বাচিত হয়। গত ২৬ সেপ্টেম্বর চকরিয়া পৌরসভায় নব নির্বাচিত জনপ্রতিনিধিদের নামে গেজেট প্রকাশিত হয়।
দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হয়ে শপথ গ্রহন শেষে চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী সাংবাদিকদের বলেন, পৌরবাসি সবার সঙ্গে মিলে মিশে চকরিয়া পৌরসভাকে উন্নয়নয়ের মাধ্যমে সাজাতে চাই। বিগত পাঁচ বছর পৌরসভার মেয়র হিসেবে সাধারণ মানুষের দৌড়গোড়ায় সেবা পৌঁছে দিয়েছি। কী ভাবে একটি মডেল পৌরসভায় রূপান্তরিত করতে হয় তা অনুধাবন করেছি।
তিনি বলেন, চকরিয়া পৌরবাসি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা ও বিশ^াস রেখেছেন। সরকারের উন্নয়ন অভিযাত্রার পক্ষে রায় দিয়েছেন। নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমি সেইজন্য পৌরবাসির কাছে কৃতজ্ঞ। ইনশাল্লাহ দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশনের আলোকে সরকারি বেসরকারি সবধরণের নাগরিক সেবা নিশ্চিতে পৌরবাসির কাছে বদ্ধপরিকর থাকবো। ##