এম.জিয়াবুল হক : করোনা উপসর্গ নিয়ে কক্সবাজারের চকরিয়ায় স্টিফেন গঞ্জালবেস (৫০) নামের এক পলী চিকিৎসক মারা গেছেন। রোববার বেলা ১১টার দিকে উপজেলার মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে তিনি মারা যান।
পলী চিকিৎসক স্টিফেন গঞ্জালবেস উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা-বাগান এলাকার খ্রীস্টান পল্লীতে পরিবার নিয়ে বসবাস করতেন।
পারিবারিক সুত্রে জানা গেছে, কয়েকদিন ধরে জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি নিজে নিজে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। তবে করোনার পরীক্ষা করাননি তিনি।
মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতাল সুত্রে জানা গেছে, শনিবার প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন পলী চিকিৎসক স্টিফেন গঞ্জালবেস।
এরপর থেকে তার অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে। অনেক চেষ্টা করেও অক্সিজেন সেচুরেশন বাড়ানো যায়নি। পরে রোববার বেলা ১১টার দিকে তিনি মারা যান।
মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালের সহকারী প্রশাসক অলক দাশ জানান, স্টিফেন গঞ্জালভেসের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে পরীক্ষার জন্য কক্সবাজার পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, তাকে মালুমঘাট চা-বাগানের খ্রিষ্টানদের কবরে সমাহিত করা হবে। সেজন্য দাফনকারীদের সামাজিক দুরত্ব এবং সবধরনের সুরক্ষা সামগ্রী পড়ে দাফনের ব্যবস্থা করতে বলেছি।##
