ঘুমধুম সীমান্ত হতে ৮০হাজার ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বার্তা পরিবেশক : বান্দরবনের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য দুই কোটি ৪০ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) রাত ১ টার দিকে ঘুমধুম বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবার এ চালানটি জব্দ করে।

বিজিবি কক্সবাজার ব্যাটালিয়ন অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির জানান, কতিপয় ইয়াবা পাচারকারী পায়ে হেঁটে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে সশস্ত্র ইয়াবা পাচারকারীরা বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবনের পাশাপাশি গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে বিজিবি টহলদলের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ করতে থাকে।

এমতাবস্থায় টহলদল কৌশলগত অবস্থান গ্রহণ করতঃ তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারী সম্পদ রক্ষার্থে পাল্টা ফায়ার করলে চোরাকারবারীরা জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।

অতঃপর টহলদল ঘটনাস্থল হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ৮০,০০০ (আশি হাজার) পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ২,৪০,০০,০০০/- (দুই কোটি চল্লিশ লক্ষ) টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরো জানান, গত ০১ জানুয়ারি ২০২২ হতে অদ্যাবধি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক ১৪,৯৫,৬৫,০০০/- (চৌদ্দ কোটি পঁচানব্বই লক্ষ পয়ষট্রি হাজার) টাকা মূল্যমানের ৪,৯৮,৫৫০ পিস বার্মিজ ইয়াবা এবং ২৫,০০,০০,০০০/- (পঁচিশ কোটি) টাকা মূল্যের ০৫ কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) সর্বমোট ৩৯,৯৫,৬৫,০০০/- (উনচল্লিশ কোটি পঁচানব্বই লক্ষ পয়ষট্টি হাজার) টাকা মূল্যমানের মাদকদ্রব্য এবং ০৭ জন আসামী আটক করতে সক্ষম হয়েছে।