কেমন হবে ভবিষ্যতের ঢাকা‍!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ‘ঢাকা ২০৪০’ সিনেমার মাধ্যমে পরিচালক জানাবেন, কেমন হবে ভবিষ্যতের ঢাকা‍। এই ছবির তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা, বাপ্পী চৌধুরী ও নুসরাত ফারিয়া। পরিচালনা করছেন দীপঙ্কর দীপন।

বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাব মিলনায়তনে ছবির আনুষ্ঠানিক ঘোষণা দেন পরিচালক। রোববার ঢাকার বিএফডিসিতে শুরু হয় ছবির আনুষ্ঠানিক শুটিং।

দীপঙ্কর দীপন বলেছেন, ‘বাংলাদেশের ছবির জন্য এটি একেবারে নতুন ভাবনা। গল্প নিয়ে আমরা এখনই কোনো ধারণা দিতে চাই না। শুধু এটুকু বলব, এই ছবিতে আমরা সেটাই দেখাব, ২০৪০ সালে ঢাকা যেমনটা হবে।’

ছবির নায়িকা তিশা বললেন, ‘একটি অসাধারণ ভাবনার ছবি। এই ছবিটি আগামীর সুন্দর বাংলাদেশের কথা বলবে। এখানে ছোট্ট ভূমিকা রাখতে পারলেই আমাদের সার্থকতা।’

নুসরাত ফারিয়া বলেন, ‘গল্পের গাঁথুনি আমাকে মুগ্ধ করেছে। পরিচালক আমার ওপর যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালন করব।’

বাপ্পী বলেন, ‘ছবিটি আমার জন্য নতুন চ্যালেঞ্জ। এই ছবির চরিত্র হয়ে উঠতে একটু একটু করে নিজেকে প্রস্তুত করেছি। আশা করি ভালো কিছু হবে।’