আজ স্বপ্ন দেখা দিবস ; স্বপ্ন দেখার মজার তথ্য

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

টেকনাফ টুডে ডেস্ক : স্বপ্ন আমাদের জীবনের সবচেয়ে রহস্যময় ও মজার অভিজ্ঞতাগুলোর একটি। রোমান সাম্রাজ্যের আমলে স্বপ্নকে অনেক গুরুত্ব দেওয়া হতো। সম্রাট যা স্বপ্নে দেখতেন তা বিশ্লেষণ করতেন রোমের সেরা পণ্ডিতরা। স্বপ্নের উপর ভিত্তি করে অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়া হতো তখন। অনেক সময় মনে করা হতো স্বপ্ন হচ্ছে ঈশ্বরের পাঠানো বার্তা। আবার বলা হয়, অনেক শিল্পীই তাদের সৃজনশীল আইডিয়া স্বপ্নের মাধ্যমে পান।

এই স্বপ্ন কেউ দেখেন ঘুমিয়ে, কেউ বা জেগে। অলীক স্বপ্নও দেখেন অনেকে। স্বপ্ন সবাই দেখেন, দেখতেই হয়। স্বপ্নহীন জীবন স্থির, জড়। স্বপ্ন থাকে বলেই মানুষ বেঁচে থাকে।

তবে ‘স্বপ্ন সেটা নয়, যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।’ ঠিক তাই, স্বপ্ন দেখার ক্ষেত্রে এ পি জে আবদুল কালামের এই বিখ্যাত উক্তিটি মনে রাখতে হবে।

হুমায়ূন আহমেদ বলেছেন, ‘একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা।’

স্বপ্ন না থাকলে মানুষের জীবন মিছে, বৃথা। দৃঢ় স্বপ্নই পারে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে।

আজ ২৫ সেপ্টেম্বর, ‘বিশ্ব স্বপ্ন দেখা দিবস।’ ২০১২ সালে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওজিওমা এগুয়াওয়ানওয়ের উদ্যোগে দিবসটির যাত্রা শুরু হয়।

বিশ্ব স্বপ্ন দিবসের উদ্দেশ্য হচ্ছে সবার মধ্যে উৎসাহ তৈরি করা। সবার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রয়াস। একটি ভালো কিংবা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন আমরা সবাই-ই দেখি। কিন্তু আমাদের স্বপ্ন পূরণে অনেক বাধার সম্মুখীন হতে হয়। এই বাধা কাটিয়ে কীভাবে স্বপ্ন পূরণে আরও বেশি উদ্যমী হওয়া যায়, সেটি অনুধাবন করাতেই এই দিবস।

স্বপ্ন নিয়ে ১০ মজার তথ্য:

আধুনিক বিজ্ঞানীরা স্বপ্নকে ঈশ্বরের বার্তা মনে না করলেও, তারা জানাচ্ছেন এ সম্পর্কে নানা মজাদার তথ্য। আসুন জেনে নিই স্বপ্ন সম্পর্কে বিজ্ঞানীরা কি জানাচ্ছেন-

১. তুমি কখনোই একই সঙ্গে নাক ডাকতে এবং স্বপ্ন দেখতে পারবে না।

২. স্বপ্নের ৯০ শতাংশ ঘটানাই তুমি ভুলে যাও।

৩. অন্ধ মানুষেরাও স্বপ্ন দেখতে পান। যারা জন্মগত অন্ধ তারা স্বপ্নে কোনো ছবি দেখতে পান না। তাদের স্বপ্নে অন্য অনুভূতি, যেমন- শব্দ, গন্ধ, স্পর্শ ও আবেগ কাজ করে এবং এ স্বপ্ন অন্য মানুষদের স্বপ্নের মতোই প্রাণবন্ত হয়।

৪. সব মানুষই স্বপ্ন দেখে। যদি মনে করো তুমি স্বপ্ন দেখ না, এরমানে স্বপ্নের কথা তোমার মনে নেই।

৫. তুমি স্বপ্নের মধ্যে শুধু পরিচিত মানুষদের চেহারাই দেখতে পাও। স্বপ্নে যাকে দেখবে বাস্তব জীবনেও তাকে অবশ্যই দেখেছো। হতে পারে তার চেহারা তোমার মনে নেই, অথবা সে একজন কার্টুন চরিত্র।

৬. অধিকাংশ মানুষই স্বপ্নে রং দেখতে পান। তবে আগে ব্যাপারটা এরকম ছিল না। ১৯১৫ সাল থেকে ১৯৫০ সাল পর্যন্ত গবেষণায় বিজ্ঞানীরা দেখেছেন- মানুষের স্বপ্নের অধিকাংশই সাদা-কালো। কিন্তু ১৯৬০ সালের পর থেকে ব্যতিক্রমী ফলাফল পাওয়া গেলো। দেখা যায়, মাত্র ৪.৪ শতাংশ মানুষ সাদা-কালো স্বপ্ন দেখেন। মনে করা হয়, রঙিন টেলিভিশন আবিষ্কারের সঙ্গে এর কোনো সম্পর্ক থাকতে পারে।

৭. স্বপ্নের মধ্যে যে অনুভূতিটা সবচেয়ে বেশি কাজ করে, তা হচ্ছে উদ্বেগ।

৮. মানুষ ঘুমের মধ্যে গড়ে চার থেকে সাতটি স্বপ্ন দেখে এবং গড়ে এক থেকে দুই ঘণ্টা স্বপ্ন দেখতে দেখতে কেটে যায়।

৯. পশু-পাখিরাও স্বপ্ন দেখে। বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন- স্বপ্ন দেখার সময় মানুষের মস্তিষ্কে যেরূপ তরঙ্গ প্রভাহিত হয়, বিভিন্ন প্রাণীদের ঘুমের মধ্যেও একই তরঙ্গ প্রভাহিত হতে দেখা যায়।

১০. মানুষ তার জীবনের প্রায় ছয় বছর স্বপ্ন দেখে পার করে।