হ্নীলা দক্ষিণ-পূর্ব লেদায় বসত-বাড়ি ভাংচুর, লুটপাট ও রক্তাক্ত করার ঘটনায় অভিযোগ দায়ের

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিবেদক : হ্নীলা দক্ষিণ-পূর্ব লেদায় একটি স্বশস্ত্র গ্রæপ বসত-বাড়িতে হামলা, ফাঁকা গুলিবর্ষণ, লুটপাট ও রক্তাক্ত করার ঘটনায় ১৪জনের নামে টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে কি কারণে অতর্কিতভাবে এই জাতীয় ঘটনার সুত্রপাত তা এখনো স্পষ্ট হয়নি।

জানা যায়, গত ১৬জুন রাত সোয়া ৮টারদিকে পূর্ব লেদা লামার পাড়ার মোঃ হোছনের পুত্র আলী আকবর (৩৫), আনোয়ার (২৬), কামাল হোছন (২২), সরওয়ার (৩০), আবুল কালামের পুত্র নাসিম (২০), আহমদ হোছনের পুত্র মোঃ নুর (২০), নুর আহমদের পুত্র ইয়াছিন (২২), কামাল হোছনের পুত্র তোফাইল (২৫), কাদির হোছনের পুত্র আব্দুর রহমান (২৫), আবুলের পুত্র শামসুল আলম (৩০), মৃত আলী হোছনের পুত্র আবু ছিদ্দিক (৪০), আবুল খায়ের (৫০), নুর কবির (৩৫) এবং ফরিদ আলীর পুত্র শাহ জালাল (২২) সহ ২০/২৫জনের একটি স্বশস্ত্র গ্রæপ গিয়ে মৃত আমির হামজার পুত্র নবী হোছন (৬৩) এর বসত-বাড়িতে যায়। এরপর প্লেইন সীটের দরজা ভেঙ্গে বাড়িতে ঢুকে অবৈধ অস্ত্রের মুখে লোকজনকে জিম্মি করে আলমিরা ভেঙ্গে ৫২হাজার ৫শ টাকা, ৩ভরি স্বর্ণালংকার লুট করে নেওয়ার সময় বাড়ির মালিকের ভাইয়ের স্ত্রী ছবুরা খাতুন (৪০) চিঃকার করলে ১নং আসামী ঘুষি মেরে নাক রক্তাক্ত করে দেয়। এসময় নামাজ পড়ে বাড়ি ফেরার সময় মালিকের ভাতিজা আতা উল্লাহ বাড়ির আঙ্গিনায় এসে হামলা ও লুটপাটের ঘটনা দেখে বাঁধা দিতে গেলে ইট মেরে চোখ এবং নাক রক্তাক্ত করে। তখন চারদিকে হৈ ছৈ শুরু হলে হামলাকারীরা ৩ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে লুটকৃত টাকা ও স্বর্ণালংকার নিয়ে বীরদর্পে চলে যায়। পরে আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

১৭জুন সকালে বাড়ির মালিক বাদী হয়ে উপরোক্ত বিবাদীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। হামলার কারণ জানতে চাইলে তিনি বলেন, হামলাকারীরা সন্ত্রাসী, ডাকাত প্রকৃতির। আমার বসত-বাড়ির নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে অজানা আতংক বিরাজ করছে। ###