হুমায়ূন রশিদ : হ্নীলায় চিহ্নিত দূর্বৃত্তরা দুই সন্তানের জনক এক ব্যক্তিকে জবাই করে খুন করেছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
জানা যায়, ২১জুন সকালে উপজেলার হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার (মন্ডল পাড়া) মৃত মাহমুদুর রহমান প্রকাশ বাইট্টা মাদুর পুত্র চিহ্নিত ডাকাত ও ইয়াবা কারবারী হাত কাটা আব্দুর রহমান এবং আব্দুস সালাম সহোদর মোটর সাইকেলযোগে পশ্চিম পানখালী গিয়ে ইদ্রিসের পুত্র মোঃ ইসমাঈল (২৫) এর বাড়িতে যায়। ইসমাঈলকে মারধর করলে পালিয়ে পার্শ্ববর্তী হাছিমের বাড়িতে পালিয়ে যায়। সেখান হতে ধাওয়া করে প্রকাশ্যে গলায় ছুরি দিয়ে জবাই করে মৃত্যু নিশ্চিত করার পর রক্তাক্ত অবস্থায় ফেলে বীরদর্পে মোটর সাইকেল নিয়ে চলে আসে। পাশ্ববর্তী লোকজন ইসমাঈলকে উদ্ধার করে হ্নীলা ইউনিয়ন উপস্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার শংকর চন্দ্র দেবনাথ মৃত ঘোষণা করে। নিহত ইসমাঈল দুই সন্তানের জনক ছিল।
নিহতের পিতা ইদ্রিস ও ভাই ইব্রাহীম জানান,হাত কাটা আব্দুর রহমান ডাকাত ও তার ভাই ইয়াবা গডফাদার আব্দুস সালামের নেতৃত্বে কয়েক যুবক ছুরি দিয়ে জবাই করে খুন করে বলে দাবী করেন।
স্থানীয় ইউপি মেম্বার হোছাইন আহমদ বলেন,স্থানীয় লোকজন থেকে অবৈধ লেন-দেনের সুত্রধরে ইসমাঈলকে ছুরি দিয়ে জবাই করে বলে অবগত হয়েছি।
এই ঘটনার খবর পেয়ে সকাল ১১টারদিকে টেকনাফ মডেল থানার এসআই বোরহান, মনসুরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর মৃতদেহ পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করেছে।
উক্ত হামলাকারীরা চলতি বছরের গত ৪ফেব্রুয়ারী স্থানীয় এক ইব্রাহীমকে ছুরিকাঘাত করে নাড়ি-ভূঁিড় বের করে ফেলে। প্রায় ২মাস চিকিৎসার দেওয়ার পর প্রাণে রক্ষা পায়। এরপর হতে চিহ্নিত অপরাধীরা এলাকায় বেপরোয়া হয়ে নানা অপরাধ করে আইন-শৃংখলার অবনতি করে আসছে।
