হোয়াইক্যংয়ে জমি বিরোধের জেরধরে মেম্বার বনকর্মীদের উপস্থিতিতে প্রভাবশালীদের হামলার অভিযোগ!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বিশেষ প্রতিবেদক : হোয়াইক্যং ইউনিয়নে জমিজমা ও মামলা বিরোধের জেরধরে স্থানীয় মেম্বার এবং বনকর্মীদের উপস্থিতিতে প্রভাবশালী একটি চক্র একই পরিবারের দুই নারীকে আহত করে বসত-ভিটা জবর-দখলে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ব্যাপারে থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।

জানা যায়, গতকাল ২৪ সেপ্টেম্বর সকাল ১১টারদিকে হোয়াইক্যং লম্বাঘোনা পাহাড়ি এলাকায় স্থানীয় আব্দুস সালাম গং এবং জাফর আলমের পুত্র হাবিব উল্লাহ গংয়ের মধ্যে বিরোধ এবং মামলা মোকর্দ্দমা চলে আসছে। এসব বিষয় নিয়ে আবারো জটিলতা সৃষ্টি হলে স্থানীয় তঞ্চঙ্গা বাবুধন মেম্বার এবং স্থানীয় এক বনকর্মী ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে শান্ত থেকে কাল সালিশে উপস্থিত থাকার জন্য জানায়।

এদের উপস্থিতিতে হাবিবুল্লাহ গংয়ের জাফর আলমের পুত্র হাবিব উল্লাহ, মৃত আলী হোছনের পুত্র নুর মোহাম্মদ, নুর মোহাম্মদের পুত্র মোঃ ফারুক, আবু তৈয়ব, আবছার উদ্দিন, হাবিবুল্লাহর স্ত্রী সানু আক্তারসহ একটি গ্রæপ আব্দু সালাম পরিবারের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং জোরপূর্বক জমি জবর দখল করে নেয়। তাদের হামলায় সালাম পরিবারের দুই নারী গুরুতর আহত হয়। তাদের দ্রæত উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

হামলার শিকার পক্ষ মনে করছেন হামলাকারীরা ইয়াবা চোরাকারবারী এবং প্রভাবশালী হওয়ায় মেম্বার এবং বনকর্মীকে ম্যানেজ করে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। এখনো হামলাকারীদের অব্যাহত হুমকিতে আহতদের পরিবারের লোকজন চলাফেরা করতে পারছেনা বলে জানান। এই ঘটনার প্রতিকার চেয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

ভূক্তভোগী পরিবার এই ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন। ###