ভারতে ভয়াবহ ভূমিধসে ৮১জনের মৃত্যু

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ভারতের মণিপুরে রাজ্যে ভয়াবহ ভূমিধসের ঘটনায় ৮১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন অনেকেই। এটিকে রাজ্যের ইতিহাসে ‘সবচেয়ে খারাপ ঘটনা’ বলে অভিহিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ।

সংবাদ সংস্থা এনডিটিভি থেকে জানিয়েছে, টানা বর্ষণে গত বৃহস্পতিবার টুপুল রেলস্টেশনের কাছে ভূমিধস নামে। আর সেখানেই আর্মির ক্যাম্প ছিল। নিহত ৮১ জনের মধ্যে ১৮ জন সেনা সদস্য রয়েছেন। প্রায় ৫৫ জন এখনো ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন। মৃতদেহগুলো উদ্ধার করতে আরও দুতিন দিন সময় লাগবে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

উদ্ধারকাজে সাহায্যের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনা সদস্যদের পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ঘটনাস্থলে প্রচুর কাদা থাকায় গাড়ি চলাচল খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই উদ্ধারকাজে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, টেরিটোরিয়াল আর্মির জওয়ানদের মরদেহ সসম্মানে তাদের বাড়িতে পাঠানো হচ্ছে। এখনো ১৫ জন জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ রয়েছেন স্থানীয় ২৯ জন বাসিন্দাও। তাদের উদ্ধারকাজ চালানো হচ্ছে।