দুই শহীদ সাংবাদিক পরিবার সুপ্রিম কোর্ট থেকে বাড়ি ফিরে পেল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : রাজধানীর নিউ ইস্কাটনে শহীদ সাংবাদিক নিজাম উদ্দিন আহমেদ ও শহীদ সাংবাদিক নাজমুল হকের পরিবারের নামে বরাদ্দ দেয়া সম্পত্তি পরিত্যক্ত সম্পত্তি থেকে খারিজ করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে বাড়িসহ এক বিঘা দেড় ছটাক সম্পত্তি ফেরত পেল শহীদ সাংবাদিক পরিবার।

রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) নিষ্পত্তি করে সোমবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনকারী সুলতান মির্জার পক্ষে ব্যারিস্টার ফিদা এম কামাল শুনানি করেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

আদেশের পর মুরাদ রেজা সাংবাদিকদের বলেন, হাইকোর্টের রায় বাতিল হওয়ায় দুই শহীদ সাংবাদিক পরিবার ইস্কাটনের সম্পত্তির ভোগদখল করতে পারবেন। একই সঙ্গে ওই সম্পত্তি পরিত্যক্ত সম্পত্তি বলে বিবেচিত হবে।

এর আগে ২০১৮ সালের ২৮ জানুয়ারি বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এক রায়ে জনৈক সুলতান মির্জাকে বাড়িটি হস্তান্তর এবং পরিত্যক্ত সম্পত্তি থেকে এটি খারিজজের নির্দেশ দেন। ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল দায়ের করে।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, ৩৮৮ নিউ ইস্কাটনের এই বাড়িটিকে তালিকাভুক্ত হিসেবে পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরে এ সম্পত্তি শহীদ সাংবাদিক নিজাউম উদ্দিন আহমেদ ও নাজমুল হকের অনুকুলে বরাদ্দ দেয় সরকার। দীর্ঘদিন পর জনৈক ব্যক্তি নিজেকে সুলতান মির্জা পরিচয় দিয়ে সম্পত্তির মালিকা দাবি করেন। তিনজনের নাম মোক্তার নামা দেখিয়ে তিনি মালিকানা দাবি করে পরে হাইকোর্টে মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, তবে পর্যালোচনা করে দেখা গেছে তার দাবির পক্ষে কোনো দালিলিক প্রমাণ নেই। শুনানিতে বলেছি, এই ব্যক্তি আসল সুলতান মির্জা নন। হাতে লেখা একটি জাতীয় পরিচয়পত্র এবং দলিলে প্রতিলিপি মালিকানা দাবির পক্ষে যথেষ্ট নয়।