এম জিয়াবুল হক : চকরিয়ায় বাড়ির পাশে ট্রেন চলাচল দেখতে গিয়ে যাত্রীবাহী একটি বাসচাপায় দুই শিশু ভাই-বোন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একজন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ইসলামিয়া মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিশু আব্দুর রহমান সামির (৮) ও তার ছোট বোন সাবা (৬)। তারা দুইজন ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকার সৌদি প্রবাসী নাছির উদ্দিনের সন্তান। আহত হয়েছে নাছিরের ভাতিজি। তাৎক্ষণিক তার নাম জানা যায়নি।
ঘটনার পর পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করলে প্রায় ঘন্টাব্যাপী কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে। পরে চকরিয়া থানা পুলিশ ও মালুমঘাট হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানান, বৃহস্পতিবার সকালে যাত্রী নিয়ে চলাচলরত কক্সবাজার এক্সপ্রেস ট্রেন যাবার সময় দেখতে যাচ্ছিলেন তাঁরা। এসময় বাড়ির সামনে মহাসড়ক পার হচ্ছিল দুই ভাই-বোনসহ তিন শিশু। পথিমধ্যে একটি দ্রুতগতির একটি যাত্রীবাহী শ্যামলী বাস এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হয়। আহত হয় অপর এক শিশু। দুই শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ ইকবাল বাহার।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা পালিয়ে যাওয়া গাড়িটি শ্যামলী পরিবহনের তা সিসিটিভি ফুটেজ শনাক্ত করেছি। এখন গাড়িটি আটকের চেষ্টা চালাচ্ছি। ##
